কানসাট ট্রাজেডির ১০ দিন পর শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যাহার
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পুলিশের গুলিতে আটজন নিহত হওয়ার ঘটনার ১০ দিন পর শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
জেলা প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, শিবগঞ্জের ইউএনওকে প্রত্যাহার সংক্রান্ত একটি আদেশ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়। তাকে শিবগঞ্জ থেকে মন্ত্রাণালয়ে বদলি করা হয়েছে বলেও জানা গেছে।
প্রত্যাহারের বিষয়ে ইউএনও রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
এদিকে মঙ্গলবার বিকেলে পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়ক গোলাম রাব্বানী সহ ৯ জনকে মুক্তি দেওয়ার পর অনির্দিষ্টকালের হরতাল কর্মসূচি প্রত্যাহারের ফলে বৃহস্পতিবার কানসাটের জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে।
কানসাটে মোতায়েনকৃত অতিরিক্ত পুলিশ প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে দেশের অন্যতম স্থলবন্দর সোনামসজিদে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
