ঢাকা কলেজে পুলিশ-ছাত্রদল কর্মী সংঘর্ষ, যানবাহন ভাংচুর
ছাত্রদল ঢাকা কলেজ শাখার নেতা-কর্মীদের সাথে বৃহস্পতিবার সকালে পুলিশের সংঘর্ষে নগরীর মিরপুর সড়কে যানবাহন চলাচল এক ঘন্টার জন্য বন্ধ থাকে।
সংঘর্ষ চলাকালে ছাত্রদল কর্মীরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করলে এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল নয়টায় ছাত্রদল কর্মীরা কলেজ ফটকের সামনে মিরপুর রোডে যানবাহন ভাংচুর শুরু করলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে।
তারা এসময় অন্ততপক্ষে ১০টি যানবাহন ভাংচুর করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ছাত্রদল কর্মীরা পুলিশকে লক্ষ করে পাথর নিক্ষেপ করে।
পুলিশ বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। সংঘর্ষের কারণে মিরপুর সড়কে যানবাহন চলাচল প্রায় এক ঘন্টা সম্পূর্ণ বন্ধ থাকে।
সূত্র জানায় ঢাকা কলেজ শাখা ছাত্রদল নেতা-কর্মীরা তাদের নাম ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করার দাবীতে আন্দোলন কর্মসূচী চালিয়ে আসছে।
নিউ মার্কেট থানার এসআই রেজাউল করিম বিডিনিউজকে জানান, নগরীর আসাদ গেটে ট্রাফিক নিয়ম ভঙ্গ করার অভিযোগে একজন সার্জেন্ট ঢাকা কলেজের একটি বাস আটক করলে এর প্রতিবাদে ছাত্রদল কর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে।
তিনি আরো জানান, বাসটি কলেজ ক্যাম্পাসে পৌছলে ছাত্রদল কর্মীরা বিষয়টি অপেক্ষামান ছাত্রদের জানালে তারা যানবাহন ভাংচুর শুরু করে।
সংঘর্ষের ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।
