২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন শেফালী ঘোষ

‘ওরে সাম্পানওয়ালা’ খ্যাত চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তী শিল্পী শেফালী ঘোষ (৬৫) আর নেই। দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষয়জনিত রোগে ভোগার পর রোববার সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

তিনি স্বামী ননী গোপাল দত্ত ও ছেলে সুদীপ্ত দত্ত ছোটনকে রেখে গেছেন।

বিশিষ্ট সুরকার ও গীতিকার ননী গোপাল দত্ত নফহবংি২৪-কে জানান, শনিবার বেলা ৩টায় তাকে নগরীর সেন্টার পয়েন্ট হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ৯টায় তাকে চট্টগ্রাম মেডিকেলের সিসিইউতে নেওয়া হয়। সেখানেই রোববার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চলতি বছরের ৯ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে লোক গানের সম্রাজ্ঞী নন্দনকাননের নিজের বাসায় অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসার পর মুমূর্ষু অবস্থায় তাকে ১৪ এপ্রিল নেওয়া হয় কলকাতার এপোলো হাসপাতালে।

সেখানে প্রায় আড়াই মাস চিকিৎসার পর খানিকটা সুস্থ হলে তিনি ৪ জুলাই দেশে ফিরে আসেন। শরীরের ডানপাশ অবশ হয়ে পড়ায় চট্টগ্রামে ফেরার পর থেকে তিনি হুইল চেয়ারে চলাফেরা করতেন।

চট্টগ্রাম শিল্পী কল্যাণ সংস্থার আমৃত্যু সভাপতি শেফালী ঘোষের চিকিৎসার্থে গত বছর চট্টগ্রামে একটি কনসার্ট আয়োজন করা হয়। সেখান থেকে পাওয়া ২০ লাখ টাকা দিয়ে তার চিকিৎসার ব্যয় মেটানো হয়।

১৯৪১ সালে বোয়ালখালীর কানুনগো পাড়ায় জন্মগ্রহণ করেন শেফালী ঘোষ।

ননী গোপাল জানান, ২০ বছর বয়সে গান শিখতে চট্টগ্রামে আসেন। এর সূত্র ধরে দুজনের পরিচয় এবং পরে তা পরিণয়ে রূপ নেয়।

আঞ্চলিক গানসহ মাইজভান্ডারী, লোকসঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতের ওপর শেফালী ঘোষের দেড়শ’র বেশি অডিও ক্যাসেট ও বেশ কয়েকটি ভিসিডি বের হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশসহ বিশ্বের ২৪টি দেশে তিনি কনসার্টে অংশ নেন।

বিভিন্ন সংগঠনের অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি। তবে তার ভাগ্যে কোনও জাতীয় পুরস্কার মেলেনি।

চাটগাঁর আঞ্চলিক গানের সম্রাজ্ঞীর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে-'যদি সুন্দর একখান মুখ ফাইতাম, ’নাতিন বড়ই খা বড়ই খা.’ ’সূর্য ওডের ও ভাই লালমারি,’ ’আশকার দীঘির পশ্চিম পাড়ত আঁর ভাঙ্গা ঘর,’ ইত্যাদি।

শ্যাম সুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের সমন্বয়ে গড়ে উঠেছিল চট্টগ্রামের আঞ্চলিক গানের বিখ্যাত জুটি। দীর্ঘ চার দশক জুড়ে তারা দেশ-বিদেশের অসংখ্য ভক্তের মন জয় করেন। তাদের গাওয়া ‘বানুরে ও বানু’, ’আঁর বউরে আঁই কান্দাইউম’, ‘ও শ্যাম রেঙ্গুন ন’ যাইও’ সহ বেশ কিছু গান গভীরভাবে দাগ কেটেছে শ্রোতাদের মনে।

২০০০ সালে শ্যাম সুন্দর বৈষ্ণবের মৃত্যুর পর জুটি ভাঙ্গার বেদনায় মুষড়ে পড়েন শেফালী ঘোষ। গানের জগতে এরপর তার পদচারণা অনেকটাই কমে যায়।

এখানকার সঙ্গীত ব্যক্তিত্বদের মতে, শ্যামসুন্দর বৈষ্ণবের পর শেফালী ঘোষের মৃত্যুতে প্রায় শূণ্যই হয়ে পড়লো চট্টগ্রামের আঞ্চলিক গানের ভুবন।

শেফালী ঘোষের মরদেহ নন্দনকাননস্থ বাবা লোকনাথের মন্দিরে রাখা হয়েছে। রাতে সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাকে শেষবারের মতো দেখতে যান।