ফরিদপুরে মালামালসহ ডাকাত গ্রেপ্তার
ফরিদপুরের চরকমলাপুর এলাকায় গত ২৫ ডিসেম্বর রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার দায়ে নুরুল ইসলাম (৪২) নামের এক ডাকাতকে পুলিশ ডাকাতির মালামালসহ শনিবার রাতে গ্রেপ্তার করেছে।
তার বাড়ি মাদারীপুর জেলার ধানগাঁও চেরাইপাড়ায়। ফরিদপুর শহরের কুঠিবাড়ি এলাকায় স্ত্রী ও দুই মেয়ে নিয়ে একটি বাসায় ভাড়া থাকত নুরুল ইসলাম।
পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে পুলিশ কুঠিবাড়ি এলাকায় তার বাসায় তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদের পানির ট্যাংকে আত্মগোপন করে সে। তারপরও পুলিশকে ফাঁকি দিতে পারেনি। বাড়ি থেকে ডাকাতির কিছু মালামালও উদ্ধার করা হয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হালিম বলেছেন, অন্য ডাকাতদের গ্রেপ্তারের জন্য পুলিশের একটি দল নুরুল ইসলামকে সাথে নিয়ে ঢাকায় গেছে।
তদন্তের স্বার্থে তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।
