মনোনয়ন বাতিলের বিরুদ্ধে এ পর্যন্ত ৮৮টি আবেদন
শনিবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত মনোনয়ন বাতিলের বিরুদ্ধে মোট ৮৮টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশন কার্যালয়ে। শুক্রবার পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৭২টি আবেদন জমা পড়েছিল।
পাশাপাশি এদিন চাঁদপুর-২ আসনের চারদলীয় বিদ্রোহী প্রার্থী মোঃ জালাল উদ্দিন একই আসনের চারদলীয় প্রার্থী নুরুল হুদার মনোনয়নপত্র বাতিলেরও একটি ভিন্নধর্মী আবেদন করেন।
নুরুল হুদাকে ঋণ খেলাপি বলে দাবি করে জালাল উদ্দিন তাঁর মনোনয়নপত্র বাতিলের এ আবেদন করেন।
সকালের দিকে কিশোরগঞ্জ-২ আসনের চারদলীয় প্রার্থী সাবেক সাংসদ মেজর (অব.) আক্তারুজ্জামান তাঁর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবেদন জমা দেওয়ার আগে সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে আমি নাকি ঋণ খেলাপি। তাই আপিল করতে এসেছি। কিন্তু আমি ঋণ খেলাপি নই। আমার কোম্পানী ঋণ খেলাপি। আমার ব্যবসা প্রতিষ্ঠান একটি লিমিটেড কোম্পানী। এর ৫/৭ জন পরিচালক রয়েছেন। সবার দেনা একজনের ঘাড়ে পড়বে এটা কী করে হয়?”
ঋণের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “ এটি একটি চলমান প্রাক্রিয়া। আজকে ঋণ আছে কাল হয়তো শোধ হয়ে যাবে। আপিলে আমি এ কথাটাই বলবো। তারা গ্রহণ করলে করবে।”
তিনি জানান, তার কোম্পানীর ঋণের পরিমান ৩০ কোটি টাকার মতো। এর মধ্যে সম্পত্তি প্রায় ১০০ কোটি টাকার। এছাড়া জামানতসহ অনেক সম্পদ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশনে এরশাদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবেদন গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “আমি দেখলাম গতকাল (শুক্রবার) সাবেক রাষ্ট্রপতি এরশাদ আপিল করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামির আপিল গৃহীত হওয়ার কারণে আমি আপিল করতে উৎসাহিত হয়েছি।”
আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ৪১৪৬টি মনোনয়ন পত্র জমা পড়ে। এর মধ্যে বাতিল হয় ২৬৪টি। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হচ্ছে।
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
