২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গুলিতে বিএনপি কর্মী নিহত, পল্টনে গুলিবিদ্ধ ৪

সন্ত্রাসীদের গুলিতে রাজধানীর লালবাগ থানার সোয়ারিঘাটের মাছঘাটে শনিবার রাতে বিএনপি কর্মী ও ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩০) নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 12:37 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তিনি চম্পাতলী লেনের বাসিন্দা এবং সাবেক ওয়ার্ড কমিশনার আনিছুর রহমানের ছেলে।

একই সময় আবেদ আলী ব্যাপারী (৩০) নামে আরেক মাছ ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যবসায়ী রাত সাড়ে নয়টার দিকে মাছঘাটের পাঁচতলা বাসার দ্বিতীয় তলার একটি ঘরে বসে কথা বলছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী সেখানে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ওই দুজন গুলিবিদ্ধ হন।

এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল পরে রাত ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা এসআই সোহেল বলেন, “এই মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব নয়। মোবাইল টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

ঘটনাস্থলে থাকা এসআই ইব্রাহীম জানান, আবেদ আলীর অবস্থা আশঙ্কাজনক। তাকে পুলিশের গাড়িতে করে অ্যাপেলো হাসপাতালে নেওয়া হয়েছে।

আরেকটি ঘটনায় রাজধানীর পুরনো পল্টনে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে আমিন মোহাম্মদ গ্রুপের চার নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ হয়েছেন।

তারা হলেন মোঃ জাকির হোসেন (৩৪), কামরুল হাসান (১৮), মোঃ তামাজুর হোসেন (২২) ও রুহুল আমিন (২৪)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে তারা চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা ৯৭ পুরনো পল্টনের বিজয়নগর ‘গ্রীন ফ্যান্টাসী’ নামে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী।