বিএনপিতে যোগ দিয়েই মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পেলেন শাহ মোয়াজ্জেম
সাবেক উপ প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে জাতীয় পার্টি (এরশাদ) এর একাংশ বিএনপিতে যোগ দিয়েছে।
যোগদান অনুষ্ঠানেই খালেদা জিয়া মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদী খান) আসনে নির্বাচনের জন্য চারদলীয় জোটের প্রার্থী হিসেবে শাহ মোয়াজ্জেম হোসেনকে মনোনয়ন দেন।
সোমবার সন্ধ্যায় বনানীর হাওয়া ভবনের মাঠে জাতীয় পার্টির (এরশাদ) সাবেক মহাসচিব ও শাহ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে জাপার একাংশের ৫ শতাধিক নেতা-কর্মী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির (এরশাদ) সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা রাজিয়া ফায়েজ, হাজী মনসুর আলী সরকার, ইসমাইল হোসেন বেঙ্গল, খন্দকার মাহাতাব উদ্দিন, সহসভাপতি এম এ হান্নানসহ কেন্দ্রীয় কমিটির ১৯ জন সদস্য, সাবেক সাংসদ ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৪৯ জন কেন্দ্রীয় নেতা।
বিএনপিতে যোগ দিয়ে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন,“এটাই আমার শেষ ঠিকানা, শেষ দল। আমি এতদিন চুপ করে ছিলাম। যখন দেখলাম লগি-বৈঠা নিয়ে গণতন্ত্র কায়েম করতে চায় একজন নেত্রী, তখন আর চুপ করে না থেকে বিএনপিতে যোগ দিলাম।”
তিনি আরও বলেন, “৯ বছর যে দলটির মহাসচিব ছিলাম, সেই পার্টির নেতা এরশাদ আজ নীতিবিচ্যুত হয়ে ধর্মহীন কমিউনিষ্টদের সঙ্গে আঁতাত করেছে।”
সাবেক উপ-প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীকে একজন মহীয়সী নেত্রী হিসেবে অভিহিত করে বলেন,“আপনি আমাকে বিএনপিতে আসার সুযোগ দিয়েছেন বলে আমি আপনার কাছে কৃতজ্ঞ। এর আগে আপনার অনেক সমালোচনা করেছি কিন্তু আপনি কিছু মনে করেন নি। এ জন্যই আপনি মহীয়সী।”
যোগদানকারীদের অভিনন্দন ও স্বাগত জানিয়ে খালেদা জিয়া বলেন, “আমরা যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করি না। জনগণের সমর্থনে আমরা আবার ক্ষমতায় যাবো। বিএনপির এখন দুর্দিন নয়, সুদিন চলছে। আদর্শহীন রাজনীতি টিকে থাকতে পারে না বলেই আজ সেই দলটির নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছে।”
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল হাই-এর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বিএনপির সহসভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
খালেদা জিয়া বলেন, “বিএনপি একটি আদর্শিক দল, এর নীতি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধ। অন্যদিকে যে দলটি বারবার আদর্শচ্যুত হয়েছে সে এবার পরগাছার মত অন্য একটি দলের কাছে আশ্রয় নিয়েছে। ওই দলটি এমনিতেই একদিন বিলীন হয়ে যাবে।”
বিএনপি চেয়ারপারসন বলেন, “আমরা জনগণের সমর্থন নিয়েই বারবার ক্ষমতায় এসেছি। কিন্তু একটি দল বাঁকা পথে ক্ষমতায় যেতে চায়। কিছুদিন আগে পর্যন্ত তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছিলো।”
