বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২
পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন বাগেরহাটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে জেলার ফকিরহাট-মোল্লাহাট মহাসড়কের কাঁঠালতলা গোডাউনের সামনে সাইকেল আরোহী শেখ নুর মোহাম্মদ কোহিনুর মাস্টারকে (৫৫) দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫০০) চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ফকিরহাট উপজেলার শাহ আওলিয়াবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনুর মাস্টারের বাড়ি আট্টাকি গ্রামে।
অপর দুর্ঘটনাটি ঘটে খুলনা-মংলা মহাসড়কের বগুড়া ব্রিজের সামনে শনিবার রাতে। সেখানে একটি ট্রাক খড়কুটো বোঝাই একটি রিক্সাভ্যানকে ধাক্কা দিলে ভ্যান চালক (৩৫) ঘটনাস্থলে মারা যান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
ফকিরহাট এবং রামপাল থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
