২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়িয়ে ২৬ ডিসেম্বর করা হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় দুদিন বাড়িয়ে পঞ্চমবারের মতো তফসিল ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 05:09 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

পরিবর্তিত তফসিল অনুযায়ী ২৬ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। পাশাপাশি জমা দেওয়া মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখও একদিন বাড়িয়ে ২৭ ডিসেম্বর করা হয়েছে।

নির্বাচন কমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবর্তিত তফসিলের কথা জানানো হয়। অবশ্য নতুন তফসিলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩ জানুয়ারি এবং ভোট নেওয়ার তারিখ ২২ জানুয়ারি অপরিবর্তিত রয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ে রোববার সকালে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানের সভাপতিত্বে নির্বাচন কমিশনারদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় সেখানে তিন নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুর, সাইফুল আলম ও মোদাব্বির হোসেন চৌধুরী এবং নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকার উপস্থিত ছিলেন।

উপদেষ্টা পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার পর আরেক নির্বাচন কমিশনার স ম জাকারিয়া বৃহস্পতিবার থেকে নির্বাচন কমিশনে আসছেন না।

এর আগে ২০ ডিসেম্বর চতুর্থ দফায় তফসিল পুনঃনির্ধারণ করে নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ২২ জানুয়ারি ঠিক রেখে অন্যান্য সময়সূচিতে রদবদল আনা হয়। ওই তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৪ ডিসেম্বর, বাছাইয়ের তারিখ ২৬ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ জানুয়ারি করা হয়েছিল। একইদিন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এই তফসিল প্রত্যাখানের ঘোষণা দেয়।

প্রথম দফায় কমিশন ২৭ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে। এই তফসিল অনুযায়ী ২০০৭ সালের ২১ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। এতে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১০ ডিসেম্বর, বাছাইয়ের দিন ১১ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর ঘোষণা করা হয়।

দ্বিতীয় দফায় ৭ ডিসেম্বর ঘোষিত হয় পুনঃনির্ধারিত তফসিল। এতে নির্বাচনের দিন ঠিক করা হয় আগামী ২৩ জানুয়ারি। এছাড়া মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২০০৬ সালের ২১ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৮ ডিসেম্বর ঠিক করা হয়।

তৃতীয় দফায় আবারও ১৮ ডিসেম্বর পরিবর্তন করা হয় তফসিল। ২৩ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোট গ্রহণের তারিখ একদিন এগিয়ে এনে নির্ধারণ করা হয় ২২ জানুয়ারি। তখন মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়, বাছাই ও প্রত্যাহারের দিনক্ষণ ঠিক রাখা হয়েছিল।

নির্বাচন কমিশনের তালিকা অনুসারে সারাদেশে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন। তবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন করার পর এই সংখ্যা আরও বাড়ার কথা।