২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে গোলাগুলিতে দুই বাংলাদেশী নিহত

সাতক্ষীরা সীমান্তে বিডিআর ও বিএসএফের মধ্যে শুক্রবার রাতভর দফায় দফায় গোলাগুলির ঘটনায় দুই বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) জানিয়েছে, শুক্রবার রাত ২টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ১৯১ ব্যাটালিয়নের তারালি ক্যাম্পের সদস্যরা কোনো উস্কানি ছাড়াই পরপর কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।

বিডিআরের কাকডাঙ্গা বিওপি সদস্যরাও গুলি ছুড়ে পাল্টা জবাব দেয়। কিছুক্ষণ পর আবার বিএসএফের জয়নগর ক্যাম্পের সদস্যরা একইভাবে কয়েক রাউন্ড গুলি চালায়। বিডিআরের ঘোনা বিওপি থেকেও পাল্টা গুলি ছোড়া হয়।

ভোর পাঁচটায় বিএসএফের দুধলি ক্যাম্প সদস্যরা আবারও কয়েক দফা গুলি চালায়। বিডিআরের বৈকারি বিওপি সদস্যরা এর জবাব দেয়।

রাতভর দফায় দফায় দু’পক্ষে অন্তত ৫০ রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে।

এক পর্যায়ে দুধলি এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী রেজাউল করিম (৩৪) নিহত হন। রেজাউল সাতক্ষীরার কুশকালী গ্রামের বাবু দালালের ছেলে।

নিহত অপর গরু ব্যবসায়ী কলারোয়া উপজেলার বাকসা গ্রামের নজরুল ইসলামের ছেলে শহিদুল।

বিডিআর দুজন বাংলাদেশী নিহত হওয়ার কথা স্বীকার করেছে।