২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতদিনেও খোকনের সঙ্গে আব্বাসের দেখা হয়নি!

নিজের বাসায় ভাই ও ভাইয়ের স্ত্রী গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে বিষয়টিকে আরো রহস্যময় করে তুললেন সাবেক পূর্তমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মীর্জা আব্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 07:29 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ডেকে তিনি বলেন, ভাইয়ের স্ত্রী মাসুদা আকরাম গুলিবিদ্ধ হলেও ভাই মীর্জা খোকন কীভাবে আহত হয়েছেন অথবা গুলিবিদ্ধ কী- না তা তিনি নিশ্চিত করে বলতে পারেন না। যদিও তিনি স্বীকার করলেন মীর্জা খোকন বাসাতেই আছেন।

এ সাতদিনেও মীর্জা খোকনের সঙ্গে দেখা হয়নি জানিয়ে আব্বাস বলেন, “মাসুদাকে নিয়ে ব্যস্ততার কারণে তার সঙ্গে আমার দেখা হয়নি।”

এক বাসাতেই অবস্থানরত খোকন প্রসঙ্গে তিনি বলেন, “খোকন বাসাতেই আছে। সে আহত এটা জানি। সম্ভবত খোকনের হাতে গুলি লেগেছে, তবে আমি নিশ্চিত নই।”

মীর্জা আব্বাস বলেন, ঘটনার সময় তার ভাই ও ভাইয়ের স্ত্রী ছাড়া কক্ষে অন্য কেউ ছিল না এবং তার ধারণা এটি একটি দুর্ঘটনা। এসময় সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি স্বীকার করেন যে, ঘটনার পর দ’ুজনের কারো মুখেই তিনি এর বিবরণ শুনেননি।

মীর্জা আব্বাসের ভাই বলেই মীর্জা খোকনের বিরুদ্ধে পুলিশ কোনো অভিযোগ নেয়নি, চলছে না মামলার স্বাভাবিক কার্যক্রম। সাংবাদিকদের এরকম অসংখ্য প্রশ্নের মুখে বিব্রত বিএনপি নেতা বললেন, “সংবাদপত্র ও সাংবাদিকেরা মিথ্যাবাদী। শুধু আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য সাংবাদিকরা এরকম বিষেদাগার করছে।”

তথ্য গোপন ও ঘটনাটি চাপা দেয়ার চেষ্টার অভিযোগ অস্বীকার করে সাবেক মন্ত্রী বলেন, “কারো কাছ থেকে লুকোতে নয় বরং ঘটনার আকস্মিকতায় তাড়াহুড়ো করে হাসপাতালের ভুল ঠিকানা দেওয়া হয়েছিল।”

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গত ২১ ডিসেম্বর বিএনপি নেতা মীর্জা আব্বাসের গ্রেপ্তার দাবি করেছিলেন। এ প্রসঙ্গ টেনে যুবদলের সাবেক সভাপতি বলেন, “তিন দিনের মধ্যে শেখ হাসিনা যদি আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারেন, তাহলে আমি তার বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা দায়ের করব।”

সংবাদ সম্মেলনে গুলিবিদ্ধ মাসুদার পাঁচ ভাই মোহাম্মদ ইউনুস মিয়া, খলিলুর রহমান, ইসমাইল মিয়া, আতিকুর রহমান, হারুন-অর-রশীদ এবং ওমর ফারুক উপস্থিত থাকলেও তারা কোনো কথা বলেননি।

বিভিন্ন পত্র-পত্রিকায় তাদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তারা বলেন যে, তারা এখনো আসল ঘটনা জানেন না। বোনের মুখে শুনলে তারা জানতে পারবেন আসল ঘটনা। এর আগে তারা এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান।

একাধিক সূত্র নিশ্চিত করছে যে, গত ১৭ ডিসেম্বর রাতে দক্ষিণ শাহজাহান পুরের বাসায় মীর্জা আব্বাসের ভাই ৩৪ নং ওয়ার্ড কমিশনার মীর্জা খোকনের মধ্যে দ্বন্দ্বের জের ধরে মীর্জা খোকন তার ভাই মীর্জা আব্বাসকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। কিন্তু মীর্জা আব্বাসকে বাঁচাতে গিয়ে মীর্জা খোকনের স্ত্রী মাসুদা আকরাম গুলিবিদ্ধ হয়। এসময় মীর্জা আব্বাসের দেহরক্ষী পাল্টা গুলি করলে মীর্জা খোকনও গুলি বিদ্ধ হয়।

এ ঘটনার পর মাসুদাকে ভুল ঠিকানা দিয়ে ভর্তি করা হয় এপোলো হাসপাতালে। আর মীর্জা খোকন চলে যান অন্তরালে।

অপরদিকে এ ঘটনাকে চাপা দেওয়ার জন্য তাদের পরিবার থেকে প্রতিনিয়ত মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়।

ঘটনার পরদিন ১৮ ডিসেম্বর মীর্জা আব্বাসের বাসায় সাংবাদিকেরা উপস্থিত হলে তারা জানান যে, তাদের পরিবারে কেউ গুলিবিদ্ধ বা আহত হয়নি। আরো বলা হয় যে, তাদের পরিচিত কেউ একজন অসুস্থ বলে তাকে দেখতে তারা হাসপাতালে গিয়েছিলেন।

অপরদিকে, ঘটনার ছয়দিন পর পলাতক মীর্জা খোকন গত শুক্রবার বাসায় ফিরে যান। আর সে রাতেই পুলিশ ৫০ রাউন্ড গুলিসহ তার পিস্তলটি জব্দ করেন ।