২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে হিযবুত তওহীদের ৩ সদস্য গ্রেফতার

হিযবুত তওহীদের এক কিশোর সদস্যসহ ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বোদা থানার বদেশ্বরি বাজারে বৃহস্পতিবার রাতে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গ্রেপ্তারকৃতরা হলো টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বাথুলিসাদি গ্রামের মনোয়ার খাঁন (৪০), ঘাটাইল উপজেলার মাইজবাড়ি গ্রামের মোঃ সাঈদ হোসেন (৪৫) ও নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি গ্রামের রিপন (১৪)।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জমিরউদ্দীন বলেছেন, এই তিনজন সন্ধ্যায় বদেশ্বরি বাজারে তাদের নেতা মোহাম্মদ বায়েজীদ খান পন্নীর লেখা ‘ইসলামের প্রকৃত সালাহ’ এবং ‘ইসলামের প্রকৃত রুপরেখা’ নামের দু’টি পুস্তিকা ও ইসলামী জেহাদের লিফলেট বিতরণ করছিল।

আচরণ এবং গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। উদ্ধার করে ইসলামী জেহাদ সংক্রান্ত অসংখ্য লিফলেট, বই, ২টি মোবাইল সেট ও সংগঠনের সদস্য হওয়ার র্ফমসহ গুরুত্বপুর্ণ কাগজপত্র ।

পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে গভীর রাতে উর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের উপস্থিতিতে তাদের সঙ্গে কথাবার্তা বলেন।

মনোয়ার খান সাংবাদিকদের বলেন, তারা মোহাম্মদ বায়েজীদ খান পন্নীর অনুসারী এবং হিযবুত তওহীদের সক্রিয় কর্মী। গত মঙ্গলবার পঞ্চগড়ে এসে তারা প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজার এবং মসজিদে মসজিদে গিয়ে সদস্য সংগ্রহসহ পুস্তিকা ও লিফলেট বিতরণ করেছে।

তিনি আরো বলেন, সিলেট, কুমিল্লা, জয়পুরহাট, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, ঠাকুরগাঁও ও নীলফামারীসহ কয়েকটি জেলায় তাদের নেটওর্য়াক রয়েছে। ঢাকার উত্তরা এবং টাঙ্গাইলের করটিয়া থেকে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হয় বলে তারা জানান।

মনোয়ার দাবি করেন, হিযবুত তওহীদ নিষিদ্ধ ইসলামী জঙ্গি সংগঠন নয়।

পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেছেন, গ্রেপ্তারকৃতরা প্রথমিক জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাবেনা।