২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া বিমানবন্দরে ৭১ লাখ টাকার মূদ্রা আটক

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের গোয়েন্দা শুল্ক কর্মকর্তারা শুক্রবার সকালে ৭১ লাখ টাকারও বেশি দেশি-বিদেশি মূদ্রা আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে সিঙ্গাপুরগামী এক যাত্রীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 06:06 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

মোহাম্মদ পাশা (৩৬) নামে ওই যাত্রীকে পরে বিমানবন্দর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্স (ফ্লাইট এসকিউ ৪৩৫) এর যাত্রী পাশা সকালে বিমানবন্দরে আসার পর গোয়েন্দা শুল্ক কর্মকর্তারা তার লাগেজ তল্লাসি করে মূদ্রাগুলো উদ্ধার করেন।

তার কাছে পাওয়া যায় ৪৩ হাজার ৫৩০ ইউরো, এক লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, ৯০ থাই বাথ ও বাংলাদেশি এক হাজার ৭২০ টাকা। বাংলাদেশি মূল্যমানে যা ৭১ লাখ ৬০ হাজার ৩৩৭ টাকার সমান।

বিমানবন্দর সূত্র মতে, উদ্ধার করা দেশি-বিদেশি মূদ্রাগুলো হুণ্ডির টাকা। অনেকদিন ধরেই বিমানবন্দরে মূদ্রা পাচারকারী একাধিক চক্র সক্রিয় রয়েছে।