হবিগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষে আহত ৪০
বানিয়াচং উপজেলায় শুক্রবার সকালে জলমহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
সকাল ৮ টার দিকে প্রতাপপুর গ্রামের অ্যাডভোকেট আব্দুল আলী ও নবাব আলী মেম্বারের লোকজনের মধ্যে জলমহাল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালায়।
সংঘর্ষে গুরুতর আহত শাহ আলম (৩৫), আব্দুল খালেক (৪৫) এবং কবির মিয়াকে (৬০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, মতিজুল ইসলাম (২৫), নুরুল গণি (৩৭), সলিম খাঁ (২৫), হাদিস মিয়া (১৮), তপন সর্দার (৩০), ফারুক সর্দার (৬০) ও হেকিম সর্দারকে (৫০) হবিগঞ্জ সদর হাসপাতালে এবং অন্যদের বানিয়াচং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত পাঁচ বছর ধরে আবদুল আলী ও নবাব আলীর মধ্যে একটি জলমহাল নিয়ে বিরোধ চলে আসছে। এ পাঁচ বছরে তাদের মধ্যে অন্তত পাঁচবার সংঘর্ষ হয়েছে। মামলা হয়েছে প্রায় ১২ টির মতো।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ জানান, পরিস্থিতি এখন শান্ত। থানায় এখনও কোনো মামলা হয়নি।
