সাভারে অপহরণের একদিন পর গৃহবধু উদ্ধার
গৃহবধু বিলকিস আক্তারকে (২৩) অপহরনের এক দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে অপহরনকারীদের একজন রিপনকে।
বিলকিস সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়নের সালেপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী বাদশা মিয়ার স্ত্রী।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম জানান, একটি ট্যাক্সিক্যাবে করে ননদ লাইলী বেগমকে নিয়ে বিলকিস ঢাকা থেকে আমিনবাজার আসছিলেন বুধবার সন্ধ্যায়। সালেপুর ব্রিজের কাছে পৌঁছলে একটি মাইক্রোবাস দিয়ে ট্যাক্সিক্যাবটির গতিরোধ করা হয়। এর পর অপহরনকারীরা বিলকিসকে মাইক্রোবাসে তুলে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
রাতে অপহরণকারীরা শ্বশুর আনসার আলীর কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপন দাবি করে।
এ ব্যাপারে সাভার থানায় মকবুল হোসেন ওরফে সরফরাজ, আজিজুল ও রিপনসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
পুলিশ বৃহস্পতিবার ভোরে আমিনবাজার এলাকা থেকে অপহরণকারীদের মধ্যে রিপনকে গ্রেপ্তার করে।
তার স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ সন্ধ্যায় আমিনবাজার থেকে বিলকিসকে উদ্ধার করে।
সাইফুল ইসলাম জানান, অন্য আসামীদের ধরার চেষ্টা চলছে।
