২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামো বে কারাগার থেকে ফিরে পুলিশের রিমান্ডে মোবারক

গুয়ানতানামো বে কারাগার থেকে ফিরে আসা বাংলাদেশী তরুণ মোবারক হোসেন বিন আবুল হাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বিমানবন্দর পুলিশ সোমবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর আদালতে তাকে হাজির করে তিন দিনের রিমান্ড চাইলে ম্যাজিস্ট্রেট জগন্নাথ দাস খোকন তা মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থানার সাব ইন্সপেক্টর মাসুদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ আবুল হাশেমের ছেলে মোবারক হোসেন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দেশে বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা শেষে উচ্চ শিক্ষার্থে তিনি ১৯৯৯ সালে করাচি যান। ২০০১ সালে এক সহপাঠীর সঙ্গে তিনি আফগানিস্তানে যান। চারদিন থাকার পর করাচি ফেরত আসার পথে পেশোয়ারের জালালাবাদ এলাকায় পাকিস্তানি বাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর ৩২ সপ্তাহ জেল হাজতে রাখার পর তাকে আল কায়েদার সদস্য সন্দেহে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

মোবারকের পাকিস্তানে যাওয়ার প্রকৃত উদ্দেশ্য, নিষিদ্ধ ঘোষিত কোনো দলের সঙ্গে তার সম্পর্ক আছে কী না এসব খুঁজে বের করার জন্য তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে পুলিশ কর্মকর্তা দাবি করেন।

শুনানি চলাকালে নীল জিন্সের জ্যাকেট ও প্যান্ট পরা শ্মশ্রুমণ্ডিত মোবারক আদালতকে গুয়ানতানামো বে কারগারে তার ওপর আমেরিকান সেনাদের চালানো নির্যাতনের বর্ণনা দেন।

আদালতে উপস্থিত মোবারকের আত্মীয় স্বজন অভিযোগ করেছেন, টাকার লোভে পাকিস্তানি সেনাবাহিনী তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়।