২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় গৃহবধুসহ ২ জন এসিডদগ্ধ

পাবনায় এক গৃহবধু ও তার বোনকে এসিড নিক্ষেপ করে সারা শরীর ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

এসিডদগ্ধ দুই বোনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

পুলিশ জানায়, শনিবার রাতে সদর উপজেলার কুলনিয়া গ্রামের বেলাল হোসেনের স্ত্রী লাবণী খাতুন (২২) এবং তার ছোট বোন মমতা বেগম (১৪) শনিবার রাত ৯টার সময় বাড়ির প্রধান গেট বন্ধ করতে আসে।

এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ করে এসিড ছুঁড়ে পালিয়ে যায়।

এসিডে লাবণীর সারা শরীর ঝলসে যায় এবং তার বোন মমতার শরীরের কিছু অংশ পুড়ে পায়। এ সময় তাদের চিৎকারে বাড়ীর লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাবনীর অবস্থা আশংকাজনক।

পাবনার সদর থানার ওসি ইলিয়াস ফকির জানান, রোববার লাবনীর স্বামী বেলাল হোসেন বাদী হয়ে একই এলাকার আবু বক্কারের ছেলে আবু সাইয়িদ ও মৃত মোহাম্মদ আলী প্রামাণিকের ছেলে মকছেদ আলীকে আসামী করে পাবনা থানায় একটি মামলা করেছেন। প্রেমে ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপের এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।

এদের মধ্যে আবু সাইয়িদকে পুলিশ সুজানগর থেকে গ্রেফতার করেছে। অপর আসামী পলাতক রয়েছে।