২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা জোরদারের নির্দেশ

হুমকি না থাকলেও জেএমবির হামলার আশঙ্কা মাথায় রেখে এ বছর বড়দিন উপলক্ষে সারা দেশের গির্জা এবং থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 03:52 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে আইনশৃঙ্খলা বজায় রাখা নিয়ে এক সভায় স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম রোববার বলেছেন, অন্যান্য বছরের মতো এবারও বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, এ জন্য ঢাকায় এক হাজার র‌্যাব ও দুই হাজার পুলিশ মোতায়েন করা হবে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে প্রতিটি গির্জায়।

২২ ডিসেম্বর থেকে সব গির্জায় পুলিশ মোতায়েন শুরু হবে। যদিও পুলিশের সংখ্যা তখন থাকবে অল্প। ২৩ ডিসেম্বর ৩-৪ জন মহিলা পুলিশ দেওয়া হবে। গির্জার আকার বিবেচনা করে ২৪ ডিসেম্বর থেকে বাড়ানো হবে পুলিশের সংখ্যা।

২৪ ডিসেম্বর থেকেই গির্জায় আগতদের পরীক্ষা করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে। নিরাপত্তা নিশ্চিত করা হবে মধ্যরাতের বিশেষ প্রার্থনারও সময়ও।

প্রথা অনুসারে বিভিন্ন গির্জা প্রাঙ্গণে এবারও মেলা আয়োজন করা যাবে। তবে নিরাপত্তার খাতিরে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে তাদের পরামর্শক্রমে মেলা আয়োজন করতে হবে।

থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান-১ ও ২ এবং মিরপুরসহ সব স্পর্শকাতর এলাকায় নেয়া হবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা জোরদার করা হবে বিভিন্ন দূতাবাস ও কূটনৈতিক এলাকারও।

সভায় বলা হয়, ঢাকার বেশ কয়েকটি স্থানে চেকপোস্ট বসানো হবে। বিভিন্ন এলাকায় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশীও চালানো হবে।

ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পরিচয়পত্র পরীক্ষা করে দেখা হবে। কারো কাছে ছাত্রত্বের প্রমাণ পাওয়া না গেলে তাকে ওই এলাকা থেকে বের করে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রছাত্রীদের কাছে আসা আত্মীয় ও অভিভাবকদের ওপরও কড়াকড়ি আরোপ করা হবে।

স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএমপি কমিশনার, র‌্যাবের মহাপরিচালক, এসবির অতিরিক্ত আইজিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর পোনে ১২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।