বিজয় উৎসবে মেতেছিল সারা দেশ
যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে শনিবার সারা দেশে হয়েছে বিজয় দিবস উৎসব। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: খুলনার গল্লামারীর বধ্যভূমিতে বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং সূর্যোদয়ের আগে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়।
সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
আওয়ামী লীগ ও বিএনপি শহরে বর্নাঢ্য মিছিল সমাবেশ করেছে।
বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় কুচকাওয়াজে অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে উপজেলা জামায়াতের আমীর উপস্থিত থাকায় মুক্তিযোদ্ধাদের একাংশ বিজয় দিবসের অনুষ্ঠানমালা বর্জন করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রমেন নাথ বাড়ৈ স্থানীয় জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিনের কাছ থেকে বিজয়ীদের পুরস্কার নিতে বলায় এম এম রফিকুল ইসলামের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা অনুষ্ঠানস্থল ছেড়ে যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাগেরহাট: বাগেরহাটে বিজয় দিবসের প্রথম প্রহরে তোপধ্বনি, শহীদ স্মৃতি স্তম্ভে মাল্যদান করা হয়। শনিবার সকালে স্টেডিয়ামে মার্চপাস্ট ও শরীর চর্চা প্রদর্শনী এবং মুক্তিযোদ্ধা সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সরকারি এতিমখানা ও কারাগারে উন্নত খাদ্য পরিবেশন, বিকালে জেলা প্রশাসন ও বাগেরহাট পৌরসভা দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ বিশেষ স্থাপনায় আলোক সজ্জা করা হয়।
হবিগঞ্জ: সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হবিগঞ্জে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠানমালা।
বিভিন্ন সরকারি ও বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। ফুল দেয়া হয় শহীদদের কবরে।
জেলা প্রশাসকের উদ্যোগে সকাল ১০টায় নিমতলায় মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া জালাল ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী হয়।
পাবনা: বিজয় দিবসে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার রাত ১২টা ১মিনিট থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় ফুল দিতে শুরু করে বিভিন্ন সংগঠন। এছাড়া শনিবার সকালে পাবনা স্টেডিয়ামে শিশুদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর: যথাযথ মর্যাদায় ফরিদপুরে পালিত হয়েছে মহান বিজয় দিবস। ২২বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।
সকালে শহরের গোয়ালচামটে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদ মিনার ও গণকবরে ফুল দেয়ার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করে। সকালেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বিকালে জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন সংগঠন মুক্তিযুদ্ধের গল্প শোনার অনুষ্ঠান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যা হয়েছে।
রাজবাড়ী: রাজবাড়ীতে শনিবার সকাল সাড়ে ৮টায় রাজবাড়ী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসক তৈহিদা বুলবুল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেন।
এছাড়া ১৪ দলসহ মুক্তিযোদ্ধা সংসদ শহীদ খুশি, রফিক, শফিক, সাদেক এর কবরে ফুল দেয়।
এর আগে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এছাড়া নোয়াখালী, গাজীপুর, নওগাঁ, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনের খবর পাওয়া গেছে।
