২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় জামায়াতের মঞ্চ ভাংচুর, সংঘর্ষে আহত ১০

পাবনায় বিজয় দিবস উপলক্ষে তৈরি করা জামায়াতের মঞ্চ শনিবার গুড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। এ সময় সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের ১০ নেতাকর্মী। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2006, 05:10 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

জেলা পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জামায়াত শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট, আওরঙ্গজেব রোড, বেনিয়াপট্টি, সোনাপট্টি, চাকী মার্কেট, সেভেন স্টার মার্কেট ও আব্দুল হামিদ সড়কের সংযোগস্থল দোয়েল চত্ত্বরের প্রধান রাস্তাগুলো বন্ধ করে আলোচনা সভার জন্য বিশাল মঞ্চ তৈরি করে। দুপুর ১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে গিয়ে জামায়াত নেতাকর্মীদের হটিয়ে দেয়। মঞ্চটি দখল করে নিয়ে তারা সেখানেই সমাবেশ করে।

পরে ছাত্রলীগ সমর্থকরা জামায়াতের মঞ্চ গুড়িয়ে দেয়। এ সময় সংঘর্ষ বাধে উভয় পক্ষের মধ্যে।

বিকেল ৩টার দিকে জামায়াত ও শিবির শহরে বিক্ষোভ মিছিল করে।

এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার বিকেল থেকেই জামায়াত ও শিবির কর্মীরা শহরের ব্যস্ততম সড়ক বন্ধ করে বিশাল মঞ্চ তৈরির কাজ শুরু করে।

পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাসসুল হক টুকু বলেন, রাস্তা বন্ধ করে জামায়াতের বিজয় দিবস পালন জাতির সঙ্গে নির্মম পরিহাস ছাড়া আর কিছুই নয়।

গণফোরাম প্রেসিডিয়াম সদস্য রণেশ মৈত্র বলেন, “কোন নিয়মনীতি না মেনে সড়ক দখল করে, জনসাধারণকে দুর্ভোগে রেখে জামায়াতের বিজয় দিবস পালন জাতির জন্য ভয়ানক সতর্কবার্তা।”

মুক্তিযোদ্ধা বেবী ইসলাম বলেন, “জীবন বাজী রেখে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেই রাজাকার আল বদররাই এখন বিজয় উৎসব পালন করছে।”

জামায়াতের জেলা আমীর অধ্যাপক আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক আবু তালেব মন্ডল বলেছেন, গত পাঁচ বছর ধরে তারা একই স্থানে একইভাবে বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করে আসছে। এ জন্য পৌর কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ অনুমতি নেওয়া হয়েছে বলেও তারা দাবি করেন।

বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পৌরসভা থেকে জামায়াত নেতৃবৃন্দের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পৌর চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মিন্টুর মোবাইল সেট বন্ধ ছিল ।