২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ প্রশ্নে কথা বললেন না মাহবুবুল আলম

উপদেষ্টা মাহবুবুল আলম নিজের পদত্যাগের “জল্পনা” নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 06:35 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সোমবার সকালে আকবর আলি খান, সি এম শফি সামি, সুলতানা কামাল এবং হাসান মশহুদ চৌধুরী পদত্যাগের পর থেকেই উপদেষ্টা মাহবুবুল আলমের পদত্যাগের কথা আলোচিত হয়। মঙ্গলবার নতুন উপদেষ্টাদের শপথের আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মাহবুবুল আলম অনুপস্থিত থাকায় ওই গুজবের পালে আরো হাওয়া লাগে।

এ প্রসঙ্গে মাহবুবুল আলম ইস্কাটনে নিজ বাসার সামনে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “গুজব বা জল্পনা নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়।”

বঙ্গভবনে না যাওয়া প্রসঙ্গে প্রবীণ এ সাংবাদিক বলেন, “রাষ্ট্রপতি ডেকেছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য সারাদিন ঘর থেকে বের হইনি।”

দুটি অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়েছেন বলে সন্ধ্যে পৌনে ছয়টায় তিনি সাংবাদিকদের জানান।

রাজনৈতিক সংকট নিরসনের আশা করছেন কিনা, এ প্রশ্নেরও জবার দিতে রাজী হননি মাহবুবুল আলম।