২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন উপদেষ্টাদের রাষ্ট্রপতি নিজে নিয়োগ দিয়েছেন: ধীরাজ

উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বলেছেন, “নতুন চার উপদেষ্টা নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতির নিজ ক্ষমতাবলে। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদের কোনো সদস্য কিংবা রাজনৈতিক দলের সঙ্গে তিনি কোনো আলোচনা করেননি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 05:14 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

মঙ্গলবার বিকালে সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে নতুন উপদেষ্টাদের নিয়োগ প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। অবশ্য নির্দিষ্ট সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে বলে এখনও আশাবাদী ধীরাজ কুমার নাথ।

সেনা প্রত্যাহারের বিষয়টি নতুন এবং পুরনো উপদেষ্টারা আলোচনা করে রাষ্ট্রপতিকে জানাবেন, বললেন ধীরাজ কুমার নাথ।

চার উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে ধীরাজ কুমার নাথ বলেন, “উপদেষ্টাদের পদত্যাগপত্র প্রত্যাহারে কথা বলার জন্য সোমবার রাতে আমি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী চারজনের বাসায়ই গিয়েছিলাম।

“পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে লিখিতভাবে চিঠি পাওয়ার প্রস্তাব করেছিলেন পদত্যাগী চার উপদেষ্টা।

“উপদেষ্টাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে আমি নিজেই রাষ্ট্রপতিকে অবহিত করি। কিন্তু রাষ্ট্রপতি এই প্রস্তাব নাকচ করে দিয়ে আমাকে বলেছেন, তাদের সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি। অবশ্য পদত্যাগপত্র প্রত্যাহার করবেন না বলে আজ চারজনই আমাকে জানিয়ে দিয়েছেন।”

চার উপদেষ্টা যে কারণে পদত্যাগ করেছেন সে কারণের সঙ্গে আপনি একমত কিংবা পদত্যাগ করবেন কিনা এ প্রশ্নের জবাবে ধীরাজ কুমার নাথ বলেন, “তাদের সঙ্গে অনেক বিষয়ে আমি একমত পোষণ করি। আমি বিষয়গুলো নিয়ে অন্য উপদেষ্টাদের সাথেও আলোচনা করবো। আর পদত্যাগের বিষয়ে আমি এখনও ভেবে দেখিনি।”

সম্প্রতি পূর্ত মন্ত্রনালয়ে সচিব পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, প্রজ্ঞাপন জারি হবার পর আমি জেনেছি। তবে এ প্রসঙ্গে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।

মঙ্গলবার তিন উপদেষ্টার শপথ গ্রহন অনুষ্ঠানে উপদেষ্টা মাহবুবুল আলম এর অনুপস্থিতির বিষয়ে ধীরাজ কুমার বলেন, আমি শুনেছি তিনি অসুস্থ। এর বেশি কিছু জানিনা।

সব উপদেষ্টা বুধবার এক বৈঠকে বসবেন বলে জানিয়েছেন ধীরাজ কুমার নাথ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নতুন উপদেষ্টাদের নতুন কোনো উপায় থাকলে আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করবো।

গুচ্ছ প্রস্তাব বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো।