মধুমতি মডেল টাউনের ৬ কোটি টাকার শেয়ার হস্তান্তরের ওপর স্থগিতাদেশ
মধুমতি মডেল টাউনের মালিকপক্ষের একাংশের দখলে থাকা ৬ কোটি টাকার শেয়ার হস্তান্তরের ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ সোমবার এই স্থগিতাদেশ দেয়। আগামী ২৭ জানুয়ারি পরবর্তী শুনানির আগ পর্যন্ত তা কার্যকর থাকবে ।
একই সঙ্গে আদালত কোম্পানির গঠনতন্ত্র অনুযায়ী যুক্ত স্বাক্ষর ছাড়া ব্যাংক একাউন্ট পরিচালনা করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া প্রতিমাসে একটি করে পরিচালনা বোর্ডের সভা করারও নির্দেশ দেয়া হয়েছে।
মধুমতি মডেল টাউনের বড় অংকের শেয়ার গ্রহিতাদের দায়ের করা মামলার প্রেক্ষিতে এসব আদেশ দেয়া হয়।
বড় অংকের বৃহৎ শেয়ার গ্রহিতারা হচ্ছেন আবু সুফিয়ান, শওকত হোসেন ও মারুফ আলী।
মামলার বিবরণে বলা হয়, মধুমতি মডেল টাউন প্রকল্পের শতকরা ৬৮ ভাগ শেয়ারের মালিক এই তিন জন। এতে আরো বলা হয়, শতকরা ৩২ ভাগ শেয়ারের মালিকরা কারচুপির মাধ্যমে ৬ কোটি টাকার শেয়ার হস্তগত করে। তারা গঠনতন্ত্র লংঘন করে ব্যাংক একাউন্ট পরিচালনা করতেও শুরু করে।
এর বৈধতা নিয়েই এই মামলা দায়ের করা হয়। মামলাকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকউল হক। অপরপক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি।
