সাভারের হত্যা মামলার আসামীকে ঢাকায় গ্রেপ্তার
সাভারের এক পরিবহন শ্রমিক হত্যা মামলার প্রধান আসামী মোকলেছুর রহমানকে (৪০) পুলিশ সোমবার সকালে রাজধানীর মিরপুর তালতলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
আলম নামে ওই পরিবহন শ্রমিক আমিনবাজার ইউনিয়নের ইশাকাবাদ গ্রামের বাসিন্দা ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গোপনে সংবাদ পেয়ে তালতলা এলাকা থেকে মোকলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
মোকলেছ আমিরবাজার ইউনিয়নের ইশাকাবাদ এলাকার মৃত হাজী আব্দুল মজিদের পুত্র।
২২ নভেম্বর রাতে বাড়ি ফেরার পথে সে ও তার সহযোগীরা আলমকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় তাকে প্রধান আসামী করে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
