২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থায়ী কমিটির সুপারিশের ৯০ ভাগই বাস্তবায়িত হয় না

জাতীয় সংসদ এর ওপর জনগণের বিশ্বাস কমছে, মন্তব্য করে টিআইবির এক গবেষণায় দেখানো হয়েছে অষ্টম জাতীয় সংসদের মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো ৩ হাজার ৭১৭ টি সুপারিশ করলেও বাস্তবায়িত হয়েছে তার মাত্র ৩৫৭টি। অর্থাৎ সুপারিশের ৯০ শতাংশই বাস্তবায়িত হয় না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

মাত্র ২৭.০২ শতাংশ স্থায়ী কমিটি কার্যপ্রণালী বিধি অনুসরণ করে বৈঠক করলেও এগুলোর মধ্যে খুব কম বৈঠকেই দুর্নীতি বা অনিয়ম নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া দুর্নীতি তদন্তে যেসব উপ-কমিটি গঠন করা হয়েছিল সেগুলোর অধিকাংশই তদন্ত প্রতিবেদন জমা দেয়নি।

শনিবার আর্šÍজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘দুর্নীতি রোধে সংসদীয় তদারকি’ শীর্ষক সেমিনারে মুল প্রবন্ধে এ তথ্য তুলে ধরা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান এ প্রবন্ধ উপস্থাপন করেন।

গবেষণাধর্মী এ প্রবন্ধে বলা হয়, কমিটিগুলো শুধু সুপারিশ করতে পারে। কিন্তু বাস্তবায়নের ক্ষমতা তাদের হাতে নেই। সপ্তম জাতীয় সংসদ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীর পরিবর্তে এমপিদের কমিটির প্রধান করা হলেও বিরোধী দলের সদস্যদের এ পদ দেওয়ার প্রথা এখনও চালু হয়নি। এছাড়া কমিটি গঠনে দীর্ঘসূত্রিতাকেও সংসদীয় কমিটির কাজ করার ক্ষেত্রে বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সেমিনারটি পরিচালনা করেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফফর আহমদ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, “দারিদ্র দূর করার মতো কোনো উপযুক্ত পরিস্থিতি বাংলাদেশ তৈরি করতে পারছে না। দেশের ৮০ ভাগ মানুষের হয়ে টিআইবি দুর্নীতি রোধে সাংসদদের সঙ্গে কাজ করতে রাজী।’

সেমিনারের শেষ পর্বে দুর্নীতিবিরোধী রচনা ও কার্টুন অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।

রচনা প্রতিযোগিতায় ‘ক’গ্রুপে নরসিংদীর ব্রাহ্মণী বালিকা বিদ্যালয়ের নাসরিন নাহার উর্মি প্রথম, কিশোরগঞ্জের রাজাকুন্নেছা বালিকা বিদ্যালয়ের মারফিয়া আফরোজ সোনিয়া ও একই জেলার ভৈরব এমপি বালিকা বিদ্যালয়ের আফসারাহ্ জাহীন সুরভী যৌথভাবে দ্বিতীয় এবং চাঁদপুর শাহরাস্তি মডেল স্কুলের মো.সাজ্জাদ মাহমুদ তৃতীয় স্থান লাভ করেন।

কলেজ পর্যায়ের ‘খ’ গ্রুপে ঢাকা হলিক্রস কলেজের সানজিদা ইরফান প্রথম, মির্জাপুর ক্যাডেট কলেজের মো. আতিকুল ইসলাম তন্ময় দ্বিতীয় ও ভিকারুন্নিসা নুন কলেজের শারমিন সোবহান তৃতীয় হয়েছেন।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ‘গ’গ্রুপে সলিমুল্লাহ মেডিকেল কলেজের এম এম আওরঙ্গজেব আল হোসাইন প্রথম, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের নাতাশা ইসরাত কবীর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তানভীর আহমেদ ভুইয়া যৌথভাবে দ্বিতীয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. আরাফাত আরী সিদ্দীক তৃতীয় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, সাবেক সাংসদ ডা.আলহাজ্ব আব্দুল মান্নান, সাবেক সাংসদ কর্নেল ফারুক খান, সাবেক সাংসদ জিএম কাদের, দুর্নীতি দমন ব্যুরোর সাবেক পরিচালক মো.বদিওজ্জামানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।