২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল নিতে তাসলিমা এখন অসলোয়

গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেল শান্তি পুরস্কার নিতে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য মোসাম্মৎ তাসলিমা বেগম এখন নরওয়ের রাজধানী অসলোয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

জীবনকে পাল্টে দেয়ার অদম্য আকাক্সক্ষা এবং গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ তাসলিমাকে আজ পরিচিত করেছে বিশ্বব্যাপী।

অথচ অভাবের কারণে পঞ্চম শ্রেণীর পরই স্কুল ছাড়তে হয়েছিল তাকে। এরপর খুব অল্প বয়সেই তার বিয়ে হয়।

তাসলিমার স্বামীও ছিলেন অত্যন্ত দরিদ্র। স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং আয়ের তেমন কোনো উৎস তার ছিল না।

এমন সময়ে তাসলিমা শুনতে পান স্থানীয় অনেকে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে ছোট ব্যবসা শুরু করে নিজেদের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। তিনি নিজেও এ ধরনের ব্যবসা শুরুর নিদ্ধান্ত নিয়ে ১৯৯২ সালে গ্রমীণ ব্যাংকের সদস্য হন।

প্রথমবার ১৫০০ টাকা ঋণ নিয়ে তাসলিমা একটি ঘড়ি মেরামতের দোকান দেন। পাশাপাশি গ্রামে প্রথমবারের মতো সবজি বাগান এবং মুরগির খামার গড়ে তোলেন। সেই থেকে এ পর্যন্ত তিনি দু’লাখ টাকা ঋণ নিয়েছেন। বর্তমানে তার ৪০ হাজার টাকা ঋণ রয়েছে। এছাড়া গ্রামীণ ব্যাংকে তার সঞ্চয়ের পরিমাণ ৬০ হাজার টাকা।

তাসলিমা এখন একটি মিশুকের মালিক। একবিঘা জমিতে আমের বাগান থেকে বছরে তার আয় ২০ হাজার টাকা। এছাড়া মৎস চাষ থেকে প্রতি বছর তিনি ৩০ হাজার টাকা আয় করছেন। স্বামী তার ব্যাবসায় সাহায্য করার পাশাপাশি মিশুকটি চালান। তাসলিমার দুই ছেলে তৃতীয় এবং নবম শ্রেণীতে পড়ছে।

নিজ এলাকায় গ্রামীণ ব্যাংক সেন্টারে তিনি সবসময় সম্মানিত সদস্যের মর্যাদা পাচ্ছেন। ব্যাংকের উন্নয়নে কঠোর প্রচেষ্টার স্বীকৃতি হিসাবে তাকে সেন্টার প্রধান নির্বাচিত করা হয়। পরবর্তীতে তিনি নির্বাচিত প্রতিনিধি হিসাবে গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ, এরিয়া এবং জোনে দায়িত্ব পালন করেন।

২০০৬ সালে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হন।