এক সপ্তাহ অচল থাকার পর রোববার সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম শুরু
পুরো সপ্তাহ জুড়ে অবরোধ, বিচারকদের আদালত বর্জন ও দুইপক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচির পর রোববার খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
অবশ্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে তার আদালত বর্জনের কর্মসূচি অব্যাহত রেখেছে ।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রোববার বিকাল ৪টায় সমিতি ভবনে সমাবেশের কর্মসূচী ঘোষণা করেছে।
৩০ নভেম্বরের ভাংচুরের ঘটনায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ শীর্ষ আইনজীবীরা হাইকোর্টে হাজির হয়ে রোববার আগাম জামিনের আবেদন জানাবেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, প্রধান বিচারপতি যে আদালতে বসবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সেই আদালত বর্জন করবে।
গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে রিট মামলায় হাইকোর্ট আদেশ দেয়ার প্রাক্কালে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন মামলার কার্যক্রম বন্ধ করে দেন। এর প্রতিবাদে ও প্রধান বিচারপতির পদত্যাগ দাবিতে সমিতি তার আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়।
সমিতির সম্পাদক আমিনউদ্দিন বলেন, সমিতির সেই সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। তিনি আরো বলেন, সংবিধান প্রনেতা ড. কামাল হোসেন, সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলাম ও সাবেক সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ আইনজীবীরা রোববার জামিন আবেদন জানাবেন হাইকোর্টে।
তাঁদের পক্ষে মামলা পরিচালনা করবেন ব্যারিস্টার রফিক-উল-হক, ড. এম জহির, সাবেক এটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম ও আজমালুল হোসেন কিউসি। গত ৪ ও ৫ ডিসেম্বর আইনজীবীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দু’টি পৃথক মামলা দায়ের করা হয়।
এদিকে এ মামলা দুু’টিতে অনেক আইনজীবীর বাসভবনে পুলিশ তল্লাশি করেছে বলে আইনজীবীরা অভিযোগ করেছেন। তাঁরা এসব বিষয় জানিয়ে পুলিশী হয়রানি বন্ধের দাবিতে এবং তাদের যেন সুনিদিষ্ট মামলা ছাড়া গ্রেফতার ও হয়রানি না করা হয় তার জন্য হাইকোর্টে রিট মামলা দায়ের করবেন।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঘোষনা দিয়েছিল গত ৩০ নভেম্বর ভাংচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারিসহ শাস্তি মূলক ব্যাবস্থা গ্রহন না করা হলে তারা উচ্চ আদালতে বিচারিক কার্যক্রম চলতে দেবেননা।
কিন্তু ফোরামের সদস্য সচিব শাহ খসরুজ্জামান শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বার কাউন্সিলের তরফ থেকে আদালতে ভাংচুরের ঘটনায় দু:খ প্রকাশ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। এছাড়া আর মাত্র এক সপ্তাহ পর সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হবে। এসব কারণে এবং জনগনের দুর্ভোগের কথা বিবেচনা করে আদালত বর্জন কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে।
শাহ খসরুজ্জামান আরো বলেন, তবে রোববার বিকাল ৪টায় সমিতি ভবনে ফোরামের সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে।
প্রসঙ্গতঃ গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় প্রধান বিচারপতি গত ৩ ও ৪ ডিসেম্বর তাঁর হেয়ার রোডস্থ বাসভবনে আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করে ৫, ৬ ও ৭ ডিসেম্বর তিনদিন বিচারকাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়।
তবে জানা গেছে ওই বৈঠকে অনেক বিচারপতি অংশ নেননি। এমনকি গত ৫ ডিসেম্বর ফুল কোর্ট মিটিংয়েও অনেক বিচারক অংশ নেওয়া থেকে বিরত ছিলেন।
বিচারকদের এ নজিরবিহীন কর্ম বিরতির ফলে ওই তিন দিন সর্বোচ্চ আদালতে বিচারকার্যে নেমে আসে স্থবিরতা। রোববার আদালত খুললে সর্বোচ্চ আদালতে আবার কর্মচাঞ্চল্য ফিরে আসবে।
এদিকে সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় গঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তদন্ত কমিটি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত লিখিত ও ব্যক্তিগত ভাবে তথ্য গ্রহণ করবে।
