২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীর অভাবে এ পর্যন্ত বিমানের ১৭ টি হজ ফ্লাইট বাতিল

যাত্রীর অভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ পর্যন্ত ১৭ টি হজ ফ্লাইট বাতিল করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্লাইট বাতিল করায় এ পর্যন্ত তাদের রাজস্ব ক্ষতি হয়েছে ৩২ কোটি টাকা।

শুক্রবারও ৬৩ টি আসন খালি রেখেই একটি বোয়িং-৭৪৭ সকাল ৮ টা ৪০ মিনিটে জেদ্দা চলে যায়। যাত্রীর অভাবে পরের হজ ফ্লাইটটি বাতিল করা হয়।

বিমানের একটি সূত্র জানায়, কয়েকটি হজ এজেন্সি নির্দিষ্ট সময়ে মক্কায় বাসা ভাড়া না নেওয়ায় সৌদি সরকার প্রচুর সংখ্যক বাংলাদেশী নাগরিককে ভিসা দেয়নি। এ কারণে প্রতি ফ্লাইটে যাত্রী সংকট চলছে।

এ বছর বিমানের ৬৭ টি হজ ফ্লাইটে মোট ৩২ হাজার ৩৭৪ জন যাত্রী পরিবহনের কথা। কিন্তু এ পর্যন্ত তারা মাত্র ১৬ টি ফ্লাইটে ৭ হাজার ৭৬১ জন যাত্রীকে জেদ্দা পৌঁছে দিতে পেরেছে।

বিমানের হজ ফ্লাইট চালু হয় ২৬ নভেম্বর। চলার কথা ২২ ডিসেম্বর পর্যন্ত।

একটি সূত্র জানায়, যাত্রী সংকটের কারণে হজ ফ্লাইটে বিমান এবারে কোনোভাবেই ২৪ হাজারের বেশি যাত্রী পাবে না। অর্থাৎ প্রায় আট হাজার আসন ফাঁকা যাবে।

এ বছর মোট ৪৫ হাজার বাংলাদেশীর হজে যাওয়ার কথা। এর মধ্যে সৌদিয়া ১২ হাজারের বেশি যাত্রী পরিবহন করছে। এবার জনপ্রতি যাত্রী ভাড়া ১ হাজার ২০০ মার্কিন ডলার। গত বছর বিমান ২৫ হাজার হজ যাত্রী পরিহন করে। ভাড়া ছিল এক হাজার ৫০ ডলার।