রাজশাহীর বরেন্দ্র প্রকল্পে কাজ শেষে টেন্ডার
রাজশাহীর দুর্গাপুরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের এক কর্মকর্তা কাজ শেষ হওয়ার পরে টেন্ডার আহবান করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এমনকি কাজের বিল পর্যন্ত পরিশোধ করা হয়েছে টেন্ডার হওয়ার আগেই।
সংশ্লিষ্ট সুত্রে অনুসন্ধান করে জানা গেছে, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের দুর্গাপুর জোনে গত বছরে ৭ টি গভীর নলকুপের সাবমারসিবল পাম্প ও ভার্টিক্যাল মটর নষ্ট হয়ে যায়। নলকুপগুলো মেরামতের কাজ সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গত সেপ্টেম্বর মাসে করান স্থানীয় জামরুদ ট্রেড্রার্স নামের একটি প্রতিষ্ঠানকে দিয়ে।
প্রতিষ্ঠানটির মালিক জামরুদ হোসেন ওই মাসেই প্রতিটি সাবমারসিবল পাম্প ও ভার্টিক্যাল মটর মেরামত কাজের জন্য ৯ হাজার ৯৯৯ টাকা করে মোট প্রায় ৭০ হাজার টাকা বিল তুলে নেন। মটরগুলো মেরামতের পর ৪ টি ইতিমধ্যে মাঠে গভীর নলকুপে স্থাপন করা হয়েছে। বাকী ৩ টি রাখা আছে বরেন্দ্র কর্তৃপক্ষের দুর্গাপুর অফিসে।
এদিকে, বরেন্দ্র কর্তৃপক্ষের দুর্গাপুর জোনের সহকারী প্রকৌশলী মতিউর রহমান গত ৮ নভেম্বর এসব কাজের জন্য আনুষ্ঠানিক টেন্ডার আহবান করেন। গত ১৫ নভেম্বর স্থানীয় একটি পত্রিকায় এই টেন্ডার প্রকাশ করা হয়েছে। জানা গেছে টেন্ডার দাখিলের শেষ সময় ছিল গত ৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত। কিন্তু ওই সময় পর্যন্ত কোনো টেন্ডার সিডিউল জমা হয়নি। দুর্গাপুর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অফিস সুত্রে এই তথ্য জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুর বরেন্দ্র অফিস থেকে টেন্ডারের কোনো সিডিউল বিক্রি করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার জানান, তিনি গত কয়েকদিনে তিনবার বরেন্দ্র অফিসে গিয়ে সিডিউল কিনতে পারেননি।
টেন্ডারের আগেই কাজ শেষ হওয়া প্রসঙ্গে জানতে চাইলে দুর্গাপুর মতিউর রহমান জানান, কাজ আগে হলেও নিয়ম রক্ষার জন্য পরে তিনি টেন্ডার ডেকেছেন। তার মতে এটা বেআইনী নয়।
