২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ২০ কোটি টাকা

সদর উপজেলার নাওজোড় এলাকায় শুক্রবার সকালে বিএইচটি নামের একটি গার্মেন্টস এক্সেসরিজ কারখানায় আগুন লেগে ২০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে এবং আহত হয়েছে সাত ব্যক্তি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 05:57 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে বন্ধ কারখানাটির ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর চতুর্থ তলায় তৈরি সুতা, বোতাম ও প্লাস্টিকের হ্যাঙ্গারের গোডাউনসহ ১৫ হাজার বর্গফুটের পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। কারখানা বন্ধ থাকায় অল্পসংখ্যক শ্রমিক-কর্মচারী তখন উপস্থিত ছিল। শ্রমিক কর্মচারী ও আশপাশের লোকজন ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। কিন্তু এর আগেই আগুন তৃতীয় ও পঞ্চম তলায়ও ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সকাল সাড়ে ১০ টার দিকে বিজিএমএই এর সভাপতি মীর নাছিরসহ কয়েকজন শিল্পপতি ঘটনাস্থলে আসেন।

গাজীপুর ফায়ার স্টেশনের উপ পরিচালক শহিদুর রহমান বলেন, প্লাস্টিক সামগ্রীতে আগুন লাগায় প্রচুর কালো ধোয়ার সৃষ্টি হয়। ওই পরিবেশে কাজ করতে গিয়ে দমকল বাহিনীকে হিমশিম খেতে হয়।

তিনি আরও বলেন, আগুনের তাপে ভবনের দেয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে। চতুর্থ তলায় শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।

এদিকে আগুন নেভাতে গিয়ে কারখানার শ্রমিক হালিম (৪৫), সালাম (২৫), সুপারভাইজার সাইফুল ইসলাম (৪০) সহ সাতজন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিএইচটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. নওয়াব সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।