বিডিআরের বিরুদ্ধে পঞ্চগড়ে ৩ ব্যাক্তিকে ফাঁসানোর অভিযোগ
দাবিকৃত টাকা না দেওয়ায় বিডিআর সদস্যদের বিরুদ্ধে তিন ব্যক্তিকে ফেনসিডিল মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তবে বিডিআর বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।
ওই মামলায় অভিযুক্তরা হলেন আনোয়ার হোসেন, মতিয়ার রহমান ও মোস্তফা। এরা সবাই পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি গ্রামের বাসিন্দা।
পঞ্চগড় জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন দপ্তরে পাঠানো আনোয়ার হোসেনের স্ত্রী রবেদা খাতুনের লিখিত অভিযোগে জানা যায়, গত ২৯ নভেম্বর তার স্বামীসহ একই গ্রামের মতিয়ার রহমান ও মোস্তফা পঞ্চগড়ের আদালতে বিচারাধীন একটি মামলার হাজিরা দিয়ে বাসে করে বাড়ি ফিরছিলেন।
পথে বোদা উপজেলার মালেকাডাঙ্গা বিওপির বিডিআর সদস্যরা ঘোড়ামারা ব্রিজ সংলগ্ন বাজারে বাস থামিয়ে তাদেরসহ ছয়জনকে নামিয়ে বড়শশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হেফাজতে দেন।
খবর পেয়ে পরদিন সকালে ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান মুরাদ আলী ১নং চিলাহাটি ইউপি চেয়ারম্যানসহ বড়শশী ইউপি পরিষদে যান।
সেখানে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত বিডিআর সদস্যদের কাছে ওই তিনজনকে কোন অপরাধে আটক করা হয়েছে তা তারা জানতে চান। কিন্তু বিডিআর সদস্যরা এর কোন সদুত্তর না দিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।
টাকা দিতে না পারায় বিডিআর কর্তৃপক্ষ তার স্বামীসহ অন্যদের ফেনসিডিল পাচারের মামলায় ফাঁসিয়ে দেয় বলে রবেদা অভিযোগে উল্লেখ করেন।
ওই বৈঠকের পর মালেকাডাঙ্গা বিওপি তিনজনকে তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত বিওপির কাছে হস্তান্তর করে।
পরে সারিয়ালজোত বিওপির বিডিআর হাবিলদার একরামুল হক তাদের বিরুদ্ধে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল পাচার করে আনার অভিযোগে ১ ডিসেম্বর তেঁতুলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
তবে ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান মুরাদ আলী বলেন, তার এলাকার তিনজনই নিরপরাধ। তাদের হয়রানিমুলকভাবে ফেনসিডিল মামলায় ফাঁসানো হয়েছে।
এ বিষয়ে মন্তব্যের জন্য পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহেদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এদেরকে কুখ্যাত গরুচোর হিসেবে উল্লেখ্য করে বলেন, ভারত থেকে গরু চুরিসহ ফেনসিডিল পাচার করে আনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।
