২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরায় ব্যাংক জালিয়াতির ঘটনায় বাংলাদেশীদের জড়িত থাকার অভিযোগ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বড় ধরনের ব্যাংক জালিয়াতির ঘটনা ধরা পড়ার পর এর সঙ্গে বাংলাদেশের কয়েকজন জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন তদন্ত কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

সুমিতা মিশ্র,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 05:11 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

ইতোমধ্যে থানায় এ সংক্রান্ত একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তার হওয়া দুই ভারতীয় দু’জন বাংলাদেশীর নাম বলেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, ভুয়া ব্যাংক ড্রাফটের মাধ্যমে ত্রিপুরার বিভিন্ন ব্যাংক থেকে যে টাকা তুলে নেওয়া হয় সেগুলো তৈরি হয় বাংলাদেশে। যদিও দেখানো হয়, এসব ব্যাংক ড্রাফট সৌদী আরবের আল রাজিয়া ব্যাংক থেকে ইস্যু করা।

জালিয়াতরা ইতোমধ্যে ওই ব্যাংকের ড্রাফট ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার আগরতলা ও সোনামুড়া শাখায় ভাঙিয়ে কয়েক কোটি রুপি আত্মসাৎ করেছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে ত্রিপুরার পুলিশ প্রধান ঘণশ্যাম মুরারি শ্রীবাস্তব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুলাই মাস থেকে এসব ভুয়া ব্যাংক ড্রাফট ভাঙানো শুরু হয়।

তিনি বলেন, “গত ২২ নভেম্বর আগরতলার ব্যাংক থেকে ওই তারিখেই রিয়াদ থেকে ইস্যু হওয়া একটি ড্রাফট ছাড় করানোর চেষ্টা হলে ওই জালিয়াতির কথা প্রথম জানা যায়।”

“আমরা নিশ্চিত, এই ঘটনার সঙ্গে সীমান্ত শহর সোনামুড়ার কয়েকজন ব্যবসায়ী এবং ব্যাংকের কয়েকজন কর্মকর্তা এই জালিয়াতির সঙ্গে জড়িত।”

ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তারা জানান, এ পর্যন্ত তারা সাড়ে পাঁচ কোটি রুপি মূল্যের ৬৬১টি ‘ভুয়া’ ড্রাফট তারা খুঁজে বের করেছেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি ভাঙিয়ে ব্যাংক থেকে দুই কোটি ৮০ লাখ রুপি আত্মসাৎ করেছে জালিয়াতরা।

এ ব্যাপারে ইউনয়ন ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আল রাজিয়া ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হলে সৌদী ব্যাংকটি এসব ব্যাংক ড্রাফট ইস্যু না করার কথা সুনির্দিষ্টভাবে জানিয়েছে বলে কর্মকর্তারা জানান।

আগরতলায় ইউনিয়ন ব্যাংকের ঊর্ধ্বতন ব্যবস্থাপক এসকে মন্ডল বলেন, “খুঁজলে এ ধরনের আরও অনেক জালিয়াতির ঘটনা পাওয়া যাবে।”

এসব ব্যাংক ড্রাফটের কয়েকটি ভাঙানোর পর অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে এমন দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এরা হলেন, সুজিত সাহা ও বকুল বেগম।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, এসব ব্যাংক ড্রাফট দুই বাংলাদেশী ব্যবসায়ী তাদের দিয়েছিলেন। এরা হলেন কুমিল্লার আব্দুল কাইয়ুম ও সারোয়ার খান।

সুজিত সাহা পুলিশকে বলেন, “ওই দুই বাংলাদেশী নিজেদের অ্যাকাউন্টে টাকা রাখতে দেওয়ার বিনিময়ে তাদের অর্ধেক অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।”

ত্রিপুরার পশ্চিম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকে ভুঁইয়া জানান, এ ধরনের অন্য অ্যাকাউন্টধারীরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

ত্রিপুরার পুলিশ প্রধান শ্রীবাস্তব আরও জানান, এসব ব্যাংক ড্রাফটের অনেকগুলো যাচাই করার জন্য সৌদী আরবে না পাঠিয়ে ভারতীয় ব্যাংক থেকে সরাসরি ভাঙিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “এর সঙ্গে যে ব্যাংক কর্মকর্তারা জড়িত এ ঘটনা তাই নির্দেশ করে। আমরা এদের সবাইকেই গ্রেপ্তার করতে পারবো। তবে যে অর্থ আত্মসাৎ করা হয়েছে তা আর ফেরত পাওয়া সম্ভব নয়।”

শ্রীবাস্তব আরও বলেন, “এটি স্রেফ জালিয়াতির, নাকি বাংলাদেশ ও ভারতের উত্তরে তৎপর মৌলবাদী সংগঠন, নাকি কোনো গোয়েন্দা সংস্থার হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের ঘটনা পুলিশের বিশেষ শাখা তা খতিয়ে দেখছে।