২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ দফা দাবিতে খুলনা সিটি কর্পোরেশনকে আলটিমেটাম

১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনকে (কেসিসি) এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে কেসিসি ঠিকাদার কল্যাণ সমিতি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 06:27 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বৃহস্পতিবার দুপুরে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেসুর রহমানের কাছে ঠিকাদারদের দেওয়া এক স্মারকলিপিতে এ আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় আন্দোলনসহ কেসিসি কার্যালয়ে তালা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধ, কাজের সময়সীমা বাড়ানো, ঠিকাদারী কাজের বিল পরিশোধ না করে কার্যাদেশ না দেওয়া, এডিপির টাকা অন্য খাতে ব্যবহার না করা, পানি সরবরাহ বিভাগের বিভিন্ন দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীর অপসারণ, কতিপয় উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শাস্তির ব্যবস্থা করা।

এ ব্যাপারে কেসিসি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. ইস্কান্দার আলী জানান, ১৪ ডিসেম্বরের মধ্যে দাবি আদায় না হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায়ের জন্য প্রয়োজন হলে সিটি কর্পোরেশনে তালা লাগিয়ে দেওয়া হবে।

স্মারকলিপি গ্রহণের পর মোখলেসুর রহমান বলেন, “সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান এখন ঢাকায় আছেন। তিনি আগামী শুক্রবার খুলনায় আসার পর আমরা বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবো।”

স্মারকলিপি দেওয়ার সময় অন্যান্য ঠিকাদারদের মধ্যে উপস্থিত ছিলেন খান মো. শহীদুল ইসলাম, মো. হাফিজুর রহমান মনি, মো. আবু সুফিয়ান, তৌহিদুল ইসলাম তরু, ফজলুর রহমান রিপন প্রমুখ।