২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ভাতা শোধ না করে কারখানা বন্ধের প্রতিবাদে বুধবার সকালে গাজীপুর সদরের দক্ষিণ পানিশাইল এলাকার ওরিয়েন্টাল উল ওয়্যার কারখানার কয়েক শ’ শ্রমিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা সংলগ্ন কালিয়াকৈর-নবীনগর মহাসড়ক অবরুদ্ধ করে রাখায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। দুপুরে পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়।

জানা গেছে, নভেম্বরের বেতন ভাতা পরিশোধ না করে ওরিয়েন্টাল উল ওয়্যার কর্তৃপক্ষ গত ১ ডিসেম্বর নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ শ্রমিকরা গত কয়েকদিন বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছিল।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কয়েকশ’ বিক্ষুব্ধ শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। শ্রমিকরা পার্শ্ববর্তী মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে শ্রমিকদের সাড়ে ৯ টায় মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়।

পরে আশুলিয়া ও জয়দেবপুর থানা পুলিশের মধ্যস্থতায় মালিক ও শ্রমিকপক্ষের বৈঠক হয়। এতে মালিকপক্ষ আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে বকেয়া এবং ঈদ-উল-আযহার বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মেনে নেয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।