২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বোমা হামলা: ৪ বছরেও ক্ষত শুকায়নি

ময়মনসিংহে বোমা হামলা ট্রাজেডি দিবস ৭ ডিসেম্বর। ২০০২ সালের এই দিনে ময়মনসিংহের চারটি সিনেমা হলে একযোগে বোমা হামলার ঘটনায় ১৯ জন মারা যায় এবং আহত হয় অর্ধশতাধিক। গুরুতর আহতদের মধ্যে পঙ্গু হয়ে দূর্বিষহ জীবনযাপন করছেন আটজন। সরকারি-বেসরকারিভাবে অনেকেই নিহত ও আহতদের পরিবারের পূনর্বাসনের আশ্বাস দিলেও আজও তার বাস্তবায়ন হয়নি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2006, 03:39 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

ময়মনসিংহবাসী এই দিনটি বোমা হামলা ট্রাজেডি দিবস হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে মানবাধিকার কমিশনসহ জেলার বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

২০০২ সালের ৭ ডিসেম্বর ছিল ঈদের পরদিন। এই দিন সন্ধ্যায় ময়মনসিংহের অজন্তা, ছায়াবাণী, অলকা ও পূরবী সিনেমা হলে একযোগে বোমা হামলা চালানো হলে ১৯ জন নিহত হয় এবং গুরুতর আহত হয় আরও অনেকে। এদের মধ্যে চিরতরে পঙ্গু হয়ে যায় আটজন। টাকা-পয়সার অভাবে চিকিৎসাও করাতে পারছেন না তারা। অনেকেই আজ নিঃস্ব ও ঋণদায়গ্রস্ত।

অজন্তা সিনেমা হলের মালিক সলিমুল্লাহ বাবু জানান, তার ডান পা কেটে ফেলতে হয়েছে। দেশে-বিদেশে চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে তার প্রায় ২৩/২৪ লাখ টাকা খরচ হয়ে গেছে। এতে তার বহু টাকা ঋণ হয়েছে।

বোমা হামলায় নিহত শহরের চামড়া গুদাম এলাকার বাসিন্দা মন্টু মিয়ার স্ত্রী টিউশনি করে প্রতিবন্ধী এক ছেলেসহ তিন সন্তানকে নিয়ে অতিকষ্টে সংসার চালাচ্ছেন।

বোমা বিস্ফোরণে সিনেমা হলের কর্মচারী শাহীন আলমের দুটি পা উড়ে যায়। তাঁর উপার্জনে চলতো পাঁচজনের পরিবার। পঙ্গু হয়ে তিনি এখন শহরের একটি প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারে সামান্য টাকা বেতনে হস্তশিল্পের কাজ করেন।

দুই পা হারিয়ে ফজল মিয়া হুইল চেয়ারে বসে অলস জীবন কাটাচ্ছেন। অর্থের অভাবে তিনি তার শিকল তৈরির কারখানাটি পুনরায় চালু করতে পারছেন না। চিরকুমার ফজল মিয়ার উপার্জনে চারজনের সংসার চলতো। সেই তিনিই এখন বোনের সংসারের বোঝা।

চারটি সিনেমা হলে বোমা বিস্ফোরণের ঘটনায় কোতয়ালি থানায় চারটি মামলা হয়। দীর্ঘ চার বছরেও জঙ্গিদের স্বীকারোক্তি অনুযায়ী বোমা হামলার সঙ্গে জড়িত আটজনের মধ্যে একজন ছাড়া বাকিদের কেউ গ্রেপ্তার হয়নি।

এদিকে বোমা হামলার সঙ্গে জড়িত অভিযোগে মিথ্যা মামলায় কারাভোগ করে এখনও প্রধান আসামী হিসেবে নিয়মিত হাজিরা দিচ্ছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমানসহ অনেকেই।

এ ব্যাপারে মতিউর রহমান বলেন, “চারদলীয় জোট সরকার পরিকল্পিতভাবে মামলার প্রধান আসামী করে আমাকে কারাগারে রেখে ব্যাপক নির্যাতন করেছে।” তিনি এখন হয়রানি ও মানহানির মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

মামলার অগ্রগতি সম্পর্কে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি জানান, জেএমবির শূরা সদস্য সালাউদ্দিন সালেহীনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী অন্য আসামীরা এখনো গ্রেপ্তার হয়নি। তাই চার্জশিট দেওয়া যাচ্ছে না।