সেনাবাহিনী নামানোর মত পরিস্থিতি হয়নি: হাসান মশহুদ চৌধুরী
জ্বালানী উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী মঙ্গলবার সকালে সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের জানিয়েছেন, “আমি মনে করি সেনাবাহিনী নামানোর মত কোন পরিস্থিতি এখনও হয়নি।”
একটি জাতীয় দৈনিকে সেনাবাহিনী তলব সংক্রান্ত প্রকাশিত এক সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, “রাষ্ট্রপতি এককভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা রাষ্ট্রপতি ও সেনাবাহিনীর মধ্যে কোন আলোচনা হয়েছে কিনা সে ব্যাপারে আমি কিছু জানি না।”
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশন সব কাজ শেষ করতে পারবে কিনা তার ওপরই বিষয়টি নির্ভর করছে। উপদেষ্টা পরিষদ গতকালের সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে বুঝতে পারবে নির্বাচন কমিশনের কাজ সম্পন্ন করতে বেশি সময় লাগবে কিনা।”
নতুন নির্বাচন কমিশনার নিয়োগ প্রসঙ্গে হাসান মশহুদ বলেন, “এটি সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির এক্তিয়ার। তবে সবার কাছে গ্রহণযোগ্য ও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।”
উপদেষ্টাদের বৈঠকে সব বিষয় পর্যালোচনা করে পরবর্তী অগ্রগতির বিষয়ে জানানো হবে বলেও উপদেষ্টা উল্লেখ করেন।
