রাজশাহীতে সর্বাত্মক অবরোধ পালিত
আওয়ামী লীগ নেতৃত্বধীন ১৪ দলের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও রাজশাহীতে স্বতঃস্ফুর্ত অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অবরোধের সমর্থনে সকাল থেকেই নেতাকর্মীরা কাটাখালি, নওদাপাড়া, কাশিয়াডাঙ্গা, রেলগেট, নওহাটা ও তালাইমারী পয়েন্টে অবরোধ সৃষ্টি করে।
সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ছাড়লে অবরোধকারীরা বাধা দিয়ে ট্রেনটি থামিয়ে চালককে নামিয়ে দেয়। সেখানেই তারা অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ সমাবেশ করতে থাকে। এরপর রাজশাহী স্টেশন থেকে সারা দিন কোন ট্রেনই ছেড়ে যায়নি।
এছাড়া দূর ও মাঝারিপাল্লার কোন যান চলাচল করেনি। অধিকাংশ দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালতে কাজকর্ম হয়নি।
শুক্রবার রাজশাহীর তাহেরপুরে জেলা ছাত্রলীগ নেতা আহসান হাবীব বাবুকে গুলি করে হত্যার প্রতিবাদে দোষী র্যাব সদস্যদের বিচার দাবিতে বেলা ১১টার দিকে ১৪ দল শোক মিছিল বের করে। কালো পতাকা ও কালো ব্যাজ ধারণ করে নেতাকর্মীরা শোক মিছিলে অংশ নেয়।
নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি জিরো পয়েন্টে এসে শেষ হয়।
মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি চৌধুরী খুরশিদ বিন আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক জুলফিকার মান্নান জামী ও ন্যাপ জেলা সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান।
