২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মচারীরা ১০০ টাকা অবরোধ ভাতা দাবি করেছে

বাংলাদেশ সচিবালয়ের কর্মচারী সংযুক্ত পরিষদ সরকারের কাছে প্রতিদিন ১০০ টাকা করে অবরোধ ভাতা দাবি করেছে। রোববার সচিবালয়ে সংযুক্ত পরিষদের এক সভায় বক্তারা তাদের এ দাবির কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 03:12 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এসময় সোমবার সকাল ১১ টায় সংযুক্ত পরিষদের পক্ষ থেকে সংস্থাপন সচিবের কাছে তাদের দাবি সংবলিত স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিজামুল ইসলাম মিলনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা তালুকদার, সামসুল আলম ও ফজলুল হক।

সভায় বক্তারা বলেন, হরতাল ও অবরোধের কারণে সরকারি কর্মচারীদের অফিসে আসা-যাওয়া বাবদ প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টাকা ব্যয় হচ্ছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর বৃদ্ধি পাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। এছাড়া নিরাপত্তাহীনতার মধ্যে তাদের আসা-যাওয়া করতে হচ্ছে।

এ অবস্থায় সরকারি কর্মচারীদের অতীতের মতো ১০০ টাকা হারে ভাতা দেওয়ার দাবি জানান তারা।

উল্লেখ্য এর আগেও এরশাদ সরকারের আমলে হরতাল ও অবরোধের সময় সর্বপ্রথম কর্মচারীদের ভাতার ব্যবস্থা করা হয়েছিল। ওই সময় সরকারের একটি তহবিল থেকে এ অর্থের যোগান দেওয়া হয়।