২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় বন্দুকযুদ্ধে এক কোস্টগার্ড ও ৪ বনদস্যু নিহত

র‌্যাব ও কোস্টগার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুকযুদ্ধে অন্তত চার বনদস্যু ও এক কোস্টগার্ড সদস্য নিহত হয়েছেন বাগেরহাটের মংলায় পশুর নদীর মোহনায় শুক্রবার রাতে। নিখোঁজ হয়েছেন র‌্যাব ও কোস্টগার্ডের আরও দুই সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 06:14 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নৌ বাহিনীর নেতৃত্বে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

নিহত কোস্টগার্ড সদস্য মোহাম্মদ আমিরুল ইসলামের লাশ শনিবার বেলা ১টার দিকে উদ্ধার করা হয়। তার বাবার নাম মোতালেব শেখ। বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাটে।

নিখোঁজ র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা হলেন টাঙ্গাইলের মীর্জাপুর উপজেলার বুইজপাড়ার হাতেম আলীর ছেলে এইচএম কবির ও বরিশালের বাকেরগঞ্জের আউলিয়াপুরের রশিদ পেয়াদার ছেলে মো. কাঞ্চন পেয়াদা।

র‌্যাব-৬ এর লেফটেন্যান্ট কর্নেল শামস্ র‌্যাব ও কোস্টগার্ড সদস্যদের নিখোঁজ হওয়ার সত্যতা স্বীকার কেেরছেন। তবে চার বনদস্যুর নিহত হওয়ার ব্যাপারে কিছু জানাতে পারেননি।

র‌্যাব ও কেস্টগার্ড সূত্র জানায়, সুন্দরবনে বনদস্যুদের অস্ত্রের চালান আনা হচ্ছে বলে খবর পেয়ে র‌্যাব ও কোস্টগার্ডের একটি দল মংলা বন্দর থেকে প্রায় ৮ কিলোমিটার দক্ষিণে পশুর নদীতে ওঁৎ পেতে ছিল। রাত ৯টার দিকে তারা ১০/১২জন বনদস্যুসহ একটি ট্রলার আটক করে। এতে তল্লাশি চালানোর সময় বনদস্যুরা কোস্টগার্ড ও র‌্যাব সদস্যদের উপর হামলা চালায়।

র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে দুই কোস্টগার্ড সদস্য ও র‌্যাব-৬ এর সদস্য ব্যাটালিয়ন আনসারের প্লাটুন কমান্ডার কাঞ্চন পেয়াদা একে-৪৭ রাইফেলসহ নিখোঁজ হয়। এছাড়া নিহত হয় অন্তত চার বনদস্যু। তবে তাদের লাশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ এক কোস্টগার্ড সদস্যের লাশ শনিবার দুপুরে উদ্ধার করা হয়েছে।

কোস্টাগার্ডের পশ্চিম জোনের কমান্ডার আবু তাহের গোলাম মোহাম্মদ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, র‌্যাব ও কোস্টগার্ড আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল নিজাম দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন।