পাঁচ রাষ্ট্রদূতের সঙ্গে জলিলের বৈঠক
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপানের রাষ্ট্রদূতরা শনিবার দুপুরে দেখা করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের সঙ্গে।
বৈঠক থেকে বেরিয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী সাংবাদিকদের বলেছেন, “এটা একটা ব্যাক্তিগত আলাপচারিতা। আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে দেশের প্রকৃত অবস্থা নিয়ে আলোচনা করতে চেয়েছেন। সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনার কথা এখন বলছি না।”
আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি-না এ প্রশ্নের জবাবে ব্রিটিশ রাষ্টদূত ইতিবাচক জবাব দেন।
রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক সম্পর্কে আবদুল জলিল সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনা আজ বঙ্গভবনে যাবেন বলে আলোচ্য বিষয়গুলো নিয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছি। দেশ দ্রুত অনিশ্চয়তার দিকে যাচ্ছে। কাউকে বৈধতা দিতে নয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হলেই শুধু আমরা তাতে অংশ নেবো।”
রাষ্ট্রদূতদের আমন্ত্রণ প্রসঙ্গে জলিল জানান, “হ্যাঁ আমরা তাদের আমন্ত্রণ করেছি। তারা আমাদের উন্নয়নের অংশীদার। তারা এদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে চান।”
দুইটা দশ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ রাষ্ট্রদূতের এ বৈঠকের নিয়ে কিছু জানা যায়নি। এসময় আবদুল জলিলের সঙ্গে কাজী জাফরুল্লাহ, সেয়দ আবুল হোসেন এবং রোকনউদ্দিন মাহমুদ ছিলেন।
