২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ফাঁস প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নের অনেক মিল ছিল বলে পরীক্ষার্থীরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পঞ্চগড় প্রতিনিধির হাতেও বৃহস্পতিবার রাতে এ ধরনের একটি প্রশ্নপত্র এসেছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পরীক্ষার্থী ও তাদের আত্মীয়রা জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত শহরের রিয়াজউদ্দীন মার্কেটের মায়া ফটোস্ট্যাটসহ কয়েকটি দোকানে হাতে লেখা প্রশ্নপত্রের শ’ শ’ ফটোকপি করা হয়। অনেকে ফটোস্ট্যাট মেশিন বাড়িতে নিয়ে গিয়ে গ্রাহকদের চাহিদা মেটায়। এসব কপি নিয়ে পরীক্ষার্থীসহ অনেকে গভীর রাত পর্যন্ত ছোটাছুটি করেন। প্রতি কপি ১শ’ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এরকম একটি প্রশ্নপত্রে ইংরেজি প্যাসেজ-এসিড থ্রোয়িং, দ্রব্যটির মূল্য কত সংক্রান্ত অংক এবং পদ্মাবতী কাব্য ও সূর্য দীঘল বাড়ির লেখকের নামসহ কিছু প্রশ্নের হুবহু মিল পাওয়া গেছে।

আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজে আতাউর রহমান নামে একজন পরীক্ষার্থী জানান, হলে অনেকে কিছু প্রশ্নের উত্তর আগেই লিখে ফেলায় বোঝা গেছে প্রশ্ন ফাঁস হয়েছে।

তবে জেলা প্রশাসক মো. হাফিজউদ্দীন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করে বলেন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্নপত্র সংরক্ষণ ও হলে পৌঁছানো হয়েছে। তাই পঞ্চগড়ে এগুলো ফাঁস হওয়ার সুযোগ নেই। অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বলেন, “প্রশ্ন ফাঁসের ব্যাপারে আমার কিছু জানা নেই। কোন অভিযোগও পাইনি।”