মঙ্গা প্রতিরোধে বিশেষ অর্থ বরাদ্দের দাবি
উত্তরবঙ্গ ও হাওর অঞ্চলের মঙ্গা প্রতিরোধে কর্মসংস্থান সৃষ্টি ও বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে নাগরিক সংহতি।
শুক্রবার সকাল সোয়া ১১ টায় জাতীয় জাদুঘরের সামনে সংগঠনের সভাপতি ড. এএসএম আতীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে এ দাবি জানানো হয়েছে।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, “রাজনৈতিক ডামাডোলে মঙ্গাকবলিত এলাকার মানুষের যন্ত্রণা আমাদের চোখকে ফাঁকি দিচ্ছে। বাজেটে অর্থ বরাদ্দ থাকলেও তা মঙ্গাপীড়িত মানুষের কোনো কাজেই আসে না।”
তারা আরো বলেন, উত্তরবঙ্গে মঙ্গার পাশাপাশি হাওর অঞ্চলেও কর্মসংস্থানের অভাবে সেখানকার বেশিরভাগ মানুষ অভাবের সঙ্গে যুদ্ধ করছে। সাত জেলার ৪৮ টি উপজেলার মানুষ অঞ্চল ভেদে বছরে দুইবার মঙ্গার মুখোমুখি হয়।
সমাবেশ থেকে বক্তারা রাজনৈতিক সংকট নিরসনের পাশাপাশি এসব অভাবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন প্রকৌশলী ইনামুল হক, হামিদুল হোসেন তারেক (বীরবিক্রম), প্রকৌশলী মোহাম্মদ শীশ, শরিফুজ্জামান শরিফ, অ্যাডভোকেট আবেদ রাজা, ড. মাহবুবুর রহমান, ড. আ: হাই মজুমদার, জালাল সরদার, ডা. নুরুদ্দিন প্রমুখ।
