২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুধবার সকালে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে উপজেলা বিএনপির সহসভাপতি ও চেয়ারম্যানসহ অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 11:06 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৪ দলের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সাবেক সাংসদ মুশফিকুর রহমানের সমর্থকরা স্টেশন চত্বরে সমাবেশ ডাকলে প্রতিপক্ষ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত এমএন হাসান খানের সমর্থকরা মাত্র ৫০ গজ দূরে সদর মটরস্ট্যান্ডে আলাদা সমাবেশ আয়োজন করে।

সকাল ১০টার দিকে দুই গ্রুপের সমর্থকরা মিছিল বের করলে সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। তাদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি হারু, চেয়ারম্যান আবদুল হক সর্দার, উজ্জল, সোহেল, কাওসার, রতনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে দু’গ্রুপই আগ্নেয়াস্ত্র ব্যবহার করলেও পুলিশ নীরব ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কবির সংঘর্ষের ঘটনা স্বীকার করে বলেন, “শুনেছি কয়েকজন আহত হয়েছে, তবে কতজন তা জানি না।” কোন পক্ষই মামলা করতে আসেনি বলেও তিনি জানান।

সাবেক এমপি মুশফিকুর রহমান অভিযোগ করেন, হাসান খানের ছোট ভাই আমজাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে।

তবে এমএন হাসান খান অভিযোগ অস্বীকার করে বলেন, মুশফিকুর রহমানের ক্যাডাররাই প্রথমে হামলা চালায়।