২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার রাজনীতি বন্ধে শান্তিচুক্তির প্রস্তাব দিলেন ড. ইউনূস

‘সহিংসতার রাজনীতি’ বন্ধে প্রধান দুই দলের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বুধবার বিকেলে ঢাকা সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণীর জনগণ ও বিভিন্ন দলের নেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ প্রস্তাব দেন।

ড. ইউনূসের প্রস্তাবিত শান্তি চুক্তির খসড়ায় বলা হয়েছে, উভয় জোট মিলে একটি নির্বাচনী কমিটি গঠন করবে এবং ওই কমিটি বিভিন্ন পরামর্শ দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে সহায়তা করবে। এই নির্বাচনে বিজয়ী দলগুলোর মধ্যে প্রধান দল থেকে প্রধানমন্ত্রী এবং দ্বিতীয় প্রধান দল থেকে উপ প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। দলগুলোকে নিয়ে সর্বোচ্চ দু’ বছরের জন্য একটি কোয়ালিশন সরকার গঠিত হবে।

ইউনূস বলেন, দু দল সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করবে।

খসড়া প্রস্তাবে আরও বলা হয়, দলগুলোকে নিয়ে গঠিত কোয়ালিশন সরকার দু বছর মেয়াদের মধ্যে সমঝোতার ভিত্তিতে একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং নতুন ভোটার পরিচয়পত্র চালু করবে।

ড. ইউনূস বলেন, “দু বছরের মধ্যে দলগুলো অবশ্যই তাদের নির্বাচনী ইশতেহারের অভিন্ন বিষয়গুলো বাস্তবায়ন করবে।”

ড. ইউনূস তার প্রস্তাবে বলেন, নির্বাচিত দলগুলো উপজেলা নির্বাচন, চট্টগ্রাম বন্দর, সন্ত্রাস দমন, বিদ্যুৎ সংকটের সমাধান, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, বেতার ও টেলিভিশনের স্বায়ত্বশাসনের মতো তাদের অভিন্ন নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে।

এ ছাড়া খসড়া প্রস্তাবে নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনী আইন সংস্কার, ভোটার পরিচয়পত্র চালু করাসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

এসব কাজ শেষে এক বছর অথবা দু’ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দলগুলো নুতন একটি নির্বাচনে অংশ নেবে।

ড. ইউনূস আরও বলেন, “সেই নির্বাচনে যে দলই বিজয়ী হোক না কেন ফলাফল মেনে নেবে এবং দেশ পরিচালনায় পরস্পরকে সহযোগিতা করবে।”

নোবেল বিজয়ী ইউনূস উপস্থিত সবার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “আজকের এই নাগরিক সংবর্ধনায় যে উৎসব তৈরি হয়েছে সে উৎসবকে আমরা কি দেশের সকল নাগরিকের জীবনে চিরস্থায়ী করে তুলতে পারি না ?”

সংবধর্না অনুষ্ঠানে ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ড. ইউনূসকে নগরীর চাবি তুলে দেন মেয়র সাদেক হোসেন খোকা এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন তাঁর স্ত্রী বেগম ইসমত আরা। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।

মেয়র সাদেক হোসেন খোকা বলেন, গত পাঁচ বছরে কোন বাঙালী কিংবা অন্য কাউকে গণসংবর্ধনা দেওয়ার সুযোগ তাঁর হয়নি। এমনকি গত দশ বছরেও নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

মেয়রের এ বক্তব্যের জবাবে ইউনূস বলেন, “কোনদিন কাউকে নাগরিক সংবর্ধনা না দেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা। আমরা যদি প্রতি বছরই এমন আয়োজন করতে পারতাম তাহলে ভালো হতো। বাংলাদেশে অনেক বিখ্যাত লোক রয়ে গেছে যাদেরকে সংবর্ধনা দেওয়া যায়। আমাদের জীবনে সংবর্ধনার নামে এমন উৎসবের আয়োজন করা খুবই প্রয়োজন। যেখানে আমরা সবাই আসবো, মতবিনিময় করবো। ”

অভিনেতা আফজাল হোসেন এবং সঙ্গীত শিল্পী মেহরীনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া এবং ড. ইউনূসের স্ত্রী ড. আফরোজী ইউনূস।