২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই উপদেষ্টা বললেন সংবিধানে ভারপ্রাপ্ত সিইসির পদ নেই

তত্ত্বাবধায়ক সরকারের দুজন উপদেষ্টা বলেছেন, সংবিধানে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের কোনো অস্তিত্ব নেই। সাপ্তাহিক ছুটির পর রোববার সচিবালয়ে নিজ নিজ দপ্তরে দুই উপদেষ্টা আকবর আলী খান এবং হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের একথা বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2006, 04:07 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

সাবেক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আকবর আলী খান বলেন, “বাংলাদেশের সংবিধানে ভারপ্রাপ্ত সিইসির কোনো অস্তিত্ব নেই।”রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সংবিধানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকলেও ভারপ্রাপ্ত সিইসি নেই।”

সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের উত্তরার ব্যবসায় প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের বৈঠক সম্পর্কে আকবর আলী খান বলেছেন, “সরকারি কর্মকর্তাদের এ আচরণে আমি মর্মাহত। সরকারি কর্মকর্তারা যে এরকম তস্করের মতো পালাতে পারেন সেসম্পর্কে আমার ধারণা ছিলো না।”

হাসান মশহুদ চৌধুরী বলেন, “এ ব্যাপারে আমরা উপদেষ্টারা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এমনকি সংবিধান বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছি। তারাও বলেছেন যে এটা সংবিধানবিরোধী।” বিস্তারিত জানার জন্য উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের সাথে সাংবাদিকদের আলাপ করার পরামর্শ দেন তিনি।

উত্তরায় সরকারি কর্মকর্তাদের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “এতে দোষের কিছু নেই। কিন্তু সাংবাদিক দেখে কর্মকর্তাদের মুখ লুকিয়ে পালিয়ে যাওয়ার বিষয়টি সন্দেহজনক।”

বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান। তবে গোয়েন্দা সংস্থাটির নাম তিনি বলেননি।

তিনি বলেন, “সঠিক তথ্য বের করার জন্য সংশ্লিষ্টরাও বিষয়টি খতিয়ে দেখছেন।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আরও দুই কমিশনার নিয়োগের এখতিয়ার তত্ত্ববধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের হাতে।

তিনি আরো বলেন, “সবার কাছে গ্রহনযোগ্য দুই ব্যক্তিকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আমরা রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছি। আজ (রোববার) রাষ্ট্রপতির সাথে সাক্ষাতকালে তাঁকে বিষয়টি আবার মনে করিয়ে দেবো।”

আরেক প্রশ্নের উত্তরে হাসান মশহুদ বলেন, “তত্ত্বাবধায়ক সরকার এখন যতটা দ্রুত কাজ করছে, এখন তার চেয়ে বেশি দ্রুত কাজ করা উচিত।”

রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, দলগুলোর উচিত এখন নির্বাচনীমুখী হওয়া। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হাসান মশহুদ।