নির্বাচন পর্যবেক্ষণে ইইউর তিনটি দল আসবে
সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসবে ইউরোপীয় ইউনিয়নের তিনটি দল। এর মধ্যে একটি দীর্ঘ ও একটি স্বল্প মেয়াদী এবং একটি বিশেষজ্ঞ দল থাকবে।
এছাড়া এবারের পর্যবেক্ষক দলটি হবে ২০০১ এর দলটির চেয়ে বেশ বড়।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে রোববার দুপুর ২টার দিকে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভায় ইউরোপীয় কমিশনের প্রতিনিধি ড.এইচ ই স্টিফেন ফ্রোয়েন এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের ৬ সপ্তাহ আগে ৪০ সদস্যের দীর্ঘ মেয়াদী একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে পৌঁছাবে। দলটি পর্যালোচনা ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করবে।
তিনি আরো বলেন, স্বল্প মেয়াদী দলে থাকবেন ১০০ সদস্য। দলটি নির্বাচন ও ভোট গণনার দিকে নজর রাখবে। এছাড়া ইউরোপীয় পার্লামেন্ট সদস্যের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দলও আসবে।
দলটি মূলত রাজনৈতিক, আইনি ও নির্বাচন সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে দেখবে বলে উল্লেখ করে তিনি বলেন, বিশেষজ্ঞ দলটিকে সহায়তা করবেন লজিস্টিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণের উদ্দেশ্য সম্পর্কে স্টিফেন ফ্রোয়েন বলেন, “আমাদের প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে-নির্বাচন প্রক্রিয়ার সার্বিক পর্যালোচনা, কারচুপি রোধ এবং বিরোধ নিরসন।”
তিনি আরো বলেন, “বাংলাদেশের এই নির্বাচনকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। কেননা দেশটির মোট রপ্তানির শতকরা ৫৪ শতাংশ পণ্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আমদানি করে থাকে।”
ফ্রোয়েন বলেন, এ কথাও সত্য যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোই বাংলাদেশের সবচেয়ে বড় দাতাগোষ্ঠী।
