উপাচার্যের অপসারণ দাবিতে রাবিতে অবস্থান ধর্মঘট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ ও চলমান গণনিয়োগ বাতিলের দাবিতে রাবির প্রগতিশীল শিক্ষক সমাজ শনিবার ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন।
একই দাবিতে রোববার তারা সিন্ডিকেট সভা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন।
অন্যদিকে রাবিতে চলমান অবৈধ গণনিয়োগ বন্ধের দাবিতে ১৪ জন সিনেট সদস্য শনিবার সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন।
জানা গেছে, রাবি উপাচার্যের অপসারণ ও চলমান গণনিয়োগ বাতিলের দাবিতে সকাল ১০টায় রাবি সিনেট ভবনের সামনে প্রগতিশীল শিক্ষক সমাজের অবস্থান ধর্মঘট শুরু হয়। ধর্মঘট চলাকালে সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক মিজান উদ্দিন, জালাল উদ্দিন, মোজাফ্ফর হোসেন, এন্তাজুল এম হক, মো. নুরুল্লাহ, জেহাদুল করীম, চিত্ত রঞ্জন মিশ্র, আনন্দ কুমার সাহা, খায়রুল আলম খান, শামসুদ্দিন ইলিয়াস, বোরাক আলী, ফায়েক উজ্জামান, শাহ্ আজম শান্তুনু, হাসিবুল আলম প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বর্তমান উপাচার্য এম আলতাফ হোসেনকে একজন স্বৈরাচারী হিসেবে আখ্যায়িত করে বলেন, তিনি সিনেট সদস্য কর্তৃক নির্বাচিত উপাচার্য নন। দলীয়ভাবে সরকার তাকে নিয়োগ দিয়েছে। তিনি এখনও বিএনপি সরকারের রেখে যাওয়া বিধিবহির্ভূত এজেন্ডা বাস্তবায়ন করছেন। রাবিতে গণনিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। এভাবে গণনিয়োগ অব্যাহত থাকলে রাবিকে আদমজী জুটমিলের মতো বিক্রি করে দিতে হবে বলে সমাবেশে বক্তারা মন্তব্য করেন।
এদিকে রাবিতে চলমান অবৈধ গণনিয়োগ বন্ধের দাবিতে সিনেটে নির্বাচিত ৩৩ শিক্ষক প্রতিনিধির মধ্যে ১৪ জন সিনেট সদস্য শনিবার সকাল সাড়ে ১০টায় উপাচার্যকে স্মারকলিপি দেন।
এতে বলা হয়, ‘রাজনৈতিক অস্থিরতায় সারাদেশ যখন অচল ঠিক সেই সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ করে প্রশাসন অনেকটা গায়ের জোরে গণনিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। এ ছাড়া বাজেট ঘাটতি ও নানা অনিয়ম-দুর্নীতির ফলে রাবি ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে উল্লেখ করে অবিলম্বে চলমান গণনিয়োগ কার্যক্রম বন্ধের জন্য স্মারকলিপিতে উপাচার্যকে অনুরোধ জানানো হয়।
স্মারকলিপিতে স্বাক্ষরকারী সিনেট সদস্যরা হলেন, অধ্যাপক জেহাদুল করীম, মিজান উদ্দিন, খায়রুল আলম খান, চৌধুরী সারওয়ার জাহান, মোজাফ্ফর হোসেন, গোলাম সাব্বির সাত্তার, আব্দুল বারী, শাহ্ নওয়াজ আলী, আনসার উদ্দিন, আনোয়ারুল ইসলাম, নজরুল ইসলাম, আনন্দ কুমার সাহা, মোখলেছুর রহমান ও সেলিনা পারভিন।
এ ব্যাপারে রাবি উপাচার্য অধ্যাপক এম আলতাফ হোসেন কোন মন্তব্য করতে রাজী হননি।
