২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ৪ নিহত

যশোর, চাঁপাইনবাবগঞ্জ ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ জনেরও বেশি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

যশোর প্রতিনিধি জানান, শুক্রবার বেলা ১২টার দিকে যশোর-বেনাপোল সড়কের লাউজানিতে শুক্রবার যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই ব্যক্তি নিহত এবং আটজন আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহত শিশুটির (৪) পরিচয় পাওয়া যায়নি। অপরজন হলেন আসমা খাতুন (৩২)। হাসপাতালে ভর্তির পর বিকেলে তিনি মারা যান। তার বাড়ি যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামে।

অন্য আহতরা হলেন নিহত আসমা খাতুনের মেয়ে পাপিয়া (২), ওলিয়ার, খায়রুল, পারুল, ইউসুফ এবং অজ্ঞাত আরও তিন ব্যক্তি। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত পাপিয়ার অবস্থা আশঙ্কাজনক।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, গোমস্তাপুর উপজেলার রহনপুরে শুক্রবার সকালে এক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রহনপুর মহিলা কলেজের কর্মচারি ছিলেন।

সাইকেলে করে বাজারে যাওয়ার পথে রহনপুর বিদ্যুত অফিসের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি নছিমন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচরে চাঁদপুরগামী বিলাস পরিবহনের একটি বাস শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় নিয়াজী মার্কেটে ঢুকে পড়লে বাসের চাকায় পিষ্ট হয়ে মোকা (৩০) নামে এক রিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আহত হন কমপক্ষে ৫০ জন। এ সময় বাসের চাপায় মার্কেটের সামনে থাকা ৫টি রিকশাও দুমড়ে মুচড়ে যায়।

আহতদের মধ্যে গুরুতর ২০ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।