২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পুলিশ-ডাকাত গুলিবিনিময়ের ঘটনায় গ্রেপ্তার ২

সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জামগড়ার বেরন গ্রামে বুধবার গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির সময় পুলিশ ও ডাকাতের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এরা হলেন বেলাল হোসেন (২৮) ও দেলোয়ার হোসেন শুভ (৩৫)।

জানা গেছে, বুধবার রাতে বেরন গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষে গুলিবিনিময় হয়।

এ ঘটনায় ঐ বাড়ির ভাড়াটিয়া সেলিম মিয়া বৃহস্পতিবার রাতে ১ লক্ষ ৮৩ হাজার ৯শ’ টাকা লুট হয়েছে উল্লেখ করে অজ্ঞাত নামা ১৫/১৬ জনকে আসামী করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে।

ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আশুলিয়া থানা পুলিশ শুক্রবার ভোরে দক্ষিণ গাজিরচট এলাকা থেকে উপরিল্লিখিত দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বেলাল হোসেনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার শিকারপুর গ্রামে এবং দেলোয়ার হোসেনের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইর হাট গ্রামে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন স্থানে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে বাড়ির মালিক আনোয়ার হোসেন জানান, ঘটনার পর দুদিন পার হলেও পুলিশ রহস্যজনক কারণে এ ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামীদের গ্রেপ্তার কিংবা লুণ্ঠিত মালামাল উদ্ধারের কোন চেষ্টাই করছে না।