২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাংবাদিকের ওপর ফের হামলা হলে বৃহত্তর কর্মসূচির হুমকি’

সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে আবারও হামলার ঘটনা ঘটলে সিরাজগঞ্জের সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচি দেবে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 03:48 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

দৈনিক ডেইলি স্টার পত্রিকার নিজস্ব প্রতিবেদক হাসিবুর রহমান বিলুর ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে শুক্রবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় সাংবাদিকরা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রেসক্লাব সভাপতি জাকিরুল ইসলাম সান্টুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বগুড়ার সাত মাথায় প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যেই সাংবাদিক বিলুর ওপর হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেন। তারা গত ৪৮ ঘন্টায় হামলাকারীদের গ্রেপ্তার করা হয়নি উল্লেখ করে বলেন, হামলাকারীরা চিহ্নিত একটি রাজনেতিক দলের সন্ত্রাসী হওয়ায় পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

বক্তারা জানান, সম্প্রতি বিলু বগুড়ার বিএনপি নেতাদের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার একাধিক সংবাদ প্রকাশ করেছে বলেই সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। বক্তারা তত্ত্বাবধায়ক সরকারের কাছে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। সেইসঙ্গে এ ঘটনার বিচারের দাবিতে আগামী রোববার প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক বগুড়া অফিসের প্রধান আমিনুল ইসলাম চৌধুরী, অবজারভার পত্রিকার হেদায়েতুল ইসলাম, জনকন্ঠের বাবু ইসলাম, ভোরের কাগজের হেলাল উদ্দীন, এটিএন বাংলার ফেরদৌস হাসান, আরটিভির হীরক গুণ, ইত্তেফাক সংবাদদাতা ফজল-এ-খোদা লিটন, খবরপত্রের শহিদুল ইসলাম ফিলিপস, বাংলা বাজার পত্রিকার এস.এম তফিজউদ্দীন।